বন্যা পরিস্থিতির অবনতির কারণে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন ফের স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার বিকালে কমিশন জরুরি এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। কবে নাগাদ এই উপজেলার নির্বাচন হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেবে ইসি। আগামী ৭ সেপ্টেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি এ উপজেলার নির্বাচন আইনি জটিলতার কারণে স্থগিত করা হয়েছিল।
প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্বাচনটি করা যাবে না বলে জেলা প্রশাসকের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে এই নির্বাচন স্থগিত করা হয়েছে। যদিও নির্বাচন স্থগিত করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল কমিশন। পাঁচ সদস্যর কমিশনের দুজন কমিশনার নির্বাচন স্থগিত করার পক্ষে আরেকজন ছিলেন বিপক্ষে। একজন নির্বাচন কমিশনারের এ বিষয়ে নিশ্চুপ ছিলেন। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেন।
হাইমচর উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের গোলযোগ করতে পারে এমন আশঙ্কা করেছিল গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার ওই প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিল ইসি। তারপরের দিনই প্রাকৃতিক কারণ দেখিয়ে এ নির্বাচন স্থগিত হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে মোট ৯ ব্যক্তিকে চিহ্নিত করা হয়।
ইঅ/চৌফে/শ১৭৭
