সীমান্তে বিজিবি-পাচারকারী সংঘর্ষ, আটক ১

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ১৩:০৩
 
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি ও সার পাচারকারীর মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে এক পাচারকারীকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার সকালে খারাংখালীর নাফনদীর সীমান্তে এই ঘটনা ঘটে। 
বিজিবির সূত্র জানায়, সকালে ৪২ ব্যাটালিয়নের আওতাধীন ঝিমংখালী বিওপির বিজিবির সদস্যরা হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নাফনদী সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায়। এসময় পাচারকারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে ১৫/২০ জন বিজিবির ওপর হামলা চালায়। এ সময় বিজিবি তাদের উদ্দেশ্যে গুলি ছোড়ে। এসময় অন্য পাচারকারীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় আনোয়ার হোসেনকে আটক করে।
বিজিবি আরো জানায়, ঘটনাস্থল থেকে ৫০০ কেজি ওজনের মোট ১০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে। 
এ ব্যাপারে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সার পাচারকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে।