চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকে শিক্ষকদের বহনকারী বাসে হামলা চালিয়েছে একদল শিক্ষার্থী। এদিকে পৃথক স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধর্মঘটীদের পরিচয় নিশ্চিত করতে পারে নি। ‘হলের আবাসিক শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলনে নামা এই শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত বলে সাধারণ শিক্ষার্থীরা জানান।
বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ জানান, আজ বৃহস্পতিবার সকালের দিকে নগরীর পাহাড়তলী ইস্পাহানি রেল ক্রসিং এলাকায় শিক্ষকদের বাসে ভাংচুর হয় এবং ষোলশহর দুই নম্বর এলাকায় রেল স্টেশনে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
তিনি বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে বাসটি শিক্ষকদের আনার জন্য ক্যাম্পাস থেকে শহরের একে খান মোড়ে যাওয়ার পথে এতে ভাংচুর করে ধর্মঘটকারীরা।
আধা ঘণ্টার ব্যবধানে ষোলশহর স্টেশনের পশ্চিম দিকে দুই নম্বর গেইট এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুক জানিয়েছেন।
