পিনাক-৬ মালিক আবু বক্কর সিদ্দিক কালু ও তার পুত্র ওমর ফারুক লিমনের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে মেরিন আদালত। একই সঙ্গে জেলগেটে সরকারের তদন্ত কমিটিকে সাক্ষ্য নেয়ার অনুমতি দিয়েছে। আদালতটির বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন শিকদার আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
এর আগে মুন্সীগঞ্জ কারাগার থেকে সকালে ঢাকার মতিঝিলের বিআইডব্লিউটিএ ভবনের আট তলার সমুদ্র পরিবহন অধিদপ্তরে কর্যালয়ের এই আদালতে তাদের হাজির করা হয়। আদালতের কার্যক্রম শেষে দুপুর দেড়টায় পুলিশ পাহাড়ায় আসামিদের মুন্সীগঞ্জ কারাকারের উদ্দেশে রওনা হয়।
সাত সদস্য বিশিষ্ট সরকারের তদন্ত কমিটির অন্যতম সদস্য সমুদ্র পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, তদন্ত কমিটির দ্বিতীয় দফায় বাড়ানো মেয়াদ হচ্ছে রবিবার। পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করার ক্ষেত্রে এই দুইজনের সাক্ষ্য জরুরি। তাই শনিবারের মধ্যেই তাদের জেল গেটে সাক্ষ্য গ্রহণ করা হবে।
তিনি জানান, লঞ্চটি ডিজাইনার, রেকর্ডিয় মালিক ও দুই লঞ্চঘাটের ইজারাদারসহ কয়েক স্বাক্ষীকে নোটিশ দেয়ার পরও নির্ধারিত সময়ে তদন্ত কমিটির কাছে হাজির হয়নি। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার সুপারিশ থাকবে।
