ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রামের শুয়াশাহ ফকিরের মাজার এলাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ ব্যবস্থাপনায় অক্টোবর মাসের ১০-২০ তারিখের মধ্যে সীমান্ত হাট চালু হবে। সীমান্ত হাট চালু করার জন্য উভয় দেশের প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ছাগলনাইয়া উপজেলা সভাকক্ষে এক প্রস্তুতি সভায় মিলিত হন। বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব প্রদান করেন, ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাহবুবুল হক। প্রতিনিধি দলের অন্যরা হচ্ছেন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী অফিসার কাজী শহীদুল ইসলাম, সহকারী কমিশনার শরীফুল আলম তানভীর, সহকারী কমিশনার সানজিদা জেসমিন, সহকারী কমিশনার মোহাম্মদ আলী, পৌর মেয়র মো. আলমগীর, উপজেলা ভাইস-চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূইঞা, মহিলা ভাইস-চেয়ারম্যান বিবি জোলেখা, পাঠাননগর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ছাগলনাইয়া থানার সেকেন্ড অফিসার জয়দেব কুমার চৌধুরী, বিজিবির মধুগ্রাম বিওপির কোম্পানি কমান্ডার মো. আবদুস সামাদ ও রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব। ভারতীয় প্রতিনিধি দলে নেতৃত্ব প্রদান করেন, দক্ষিণ ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক (এডিএম) আর.কে নোয়াটিয়া।
প্রতিনিধি দলের অন্যরা হচ্ছেন, এসিস্ট্যান্ট হাই কমিশনার সোমনাথ হালদার, যুগ্ম-পরিচালক ত্রিপুরা অনির্বান দত্ত, অতিরিক্ত পরিচালক বানিজ্য স্বপ্না দেবনাথ, যুগ্ম-পরিচালক বানিজ্য হিমাদ্রী চৌধুরী , সুপারেনটেনডেন্ট বানিজ্য লিলা পোকান, ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল দাস, এসডিপিও সাবরুম ফ্রান্সিস ডাবলং, জিএম শ্যামল কান্তি দেব, ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক, বিএসএফ কমান্ড্যান্ট অনিল বর্মা।
এডিএম মো. মাহবুবুল হক জানান, অক্টোবর মাসের ১০-২০ তারিখের মধ্যে সীমান্ত হাট উদ্বোধন করা হবে। প্রতি সপ্তাহে একদিন (মঙ্গলবার) এপ্রিল থেকে অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং নভেম্বর থেকে মার্চ দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত ৪ঘন্টা সীমান্ত হাট বসবে। সীমান্ত হাটের ৫কিলোমিটারের মধ্যে বসবাসকারী লোকজন এই হাটে কেনাকাটা করবেন। প্রত্যেক ক্রেতা সর্বোচ্চ ১০০ডলারের সমপরিমাণ মূল্যের মালামাল ক্রয় করতে পারবেন। ক্রেতা-বিক্রেতাকে ছবিযুক্ত পরিচয়পত্র দেয়া হবে। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী শহীদুল ইসলাম উক্ত সীমান্ত হাটে ভারত থেকে ফেনসিডিলসহ নানা রকম মাদক আসার সম্ভাবনা রয়েছে মর্মে আশংকা প্রকাশ করেন এবং এ ব্যাপারে উভয় দেশের প্রশাসনকে কঠোরভাবে সতর্ক দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান।
