দক্ষিণ আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাবে এক হাজার ৯০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মার্গারেট চ্যান বলেছেন, আফ্রিকার এসব দেশে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চেষ্টা চালানো হচ্ছে।
ইবোলার চিকিৎসা ও প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ নিয়ে আজ সুইজারল্যান্ডের জেনেভার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় রোগ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ, মেডিক্যাল বিশেষজ্ঞ, আক্রান্ত দেশগুলোর প্রতিনিধি এবং চিকিৎসা নৈতিকতা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
ইবোলা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অন্তত ৬০০ মিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে আলোচনায় জানানো হয়েছে। দ্রুত ইবোলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে না পারলে ২০ হাজারের মতো মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
চ্যান এই প্রাদুর্ভাবকে ‘সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুতর ও জটিল’ বলে আখ্যা দিয়েছেন, যা কখনো দেখেননি।
সংস্থাটি জানিয়েছে, ৪০ শতাংশের বেশি মানুষ তিন সপ্তাহে মারা গেছেন। ইবোলা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে পেছনে ফেলে এর প্রাদুর্ভাব বেড়েই চলছে।
