দেশের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৪৩
 
 
 
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা দরকার। আপনারা আমাদেরকে শান্তি দিন, আমরা আপনাদেরকে সুখি-সমৃদ্ধিশালী দেশ উপহার দিব। আজ বৃহস্পতিবার হবিগঞ্জ পৌরসভা মাঠে আওয়ামী যুবলীগ হবিগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, ভবিষ্যতে যাতে কেউ হটকারী আন্দোলন করে দেশের শান্তি বিনষ্ট করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিএনপি নির্বাচনে না আসলেও দেশের মানুষ এ সরকারকে গ্রহণ করেছে। গত পাঁচ বছরে কৃষি, শিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রচুর অর্থ ব্যয় করা হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে রেকর্ড পরিমাণ আড়াই লক্ষ কোটি টাকার বাজেট ঘোষিত হয়েছে। দারিদ্র ও বেকারত্বের অভিশাপ দূর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। ২০১৮ সালে এ সরকারের মেয়াদ শেষ হওয়ার সময় দেশের বর্তমান দারিদ্রতার হার ৩৭ ভাগ থেকে হূাস পেয়ে ১৫ ভাগে নেমে আসবে বলে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মো. ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ মজিদ খান এমপি, এডভোকেট মাহবুব আলী এমপি, এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী প্রমুখ।
এর আগে অর্থমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।