জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দুই দিনের এক সফরে আগামী শনিবার ঢাকায় আসছেন। তার সফর এক মাইলফলক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জাপানি প্রধানমন্ত্রীর দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে জাপানি বিনিয়োগের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের এই সফরে জাপানের ৫০ জনের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলসহ ১৫০ জনের বেশি সফরসঙ্গী নিয়ে শিনজো আবে শনিবার দুপুরে ঢাকা এসে পৌঁছবেন। সফরের প্রথম দিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক করবেন। এ ছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকা সফরের সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বিনিয়োগ বোর্ড, এফবিসিসিআই এবং জেটরো আয়োজিত জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে বক্তৃতা করবেন। বর্তমান সরকারের বাস্তবভিত্তিক উন্নয়নবান্ধব বৈদেশিক নীতির আলোকে এবং ২০২১ সাল নাগাদ মধ্য আয়ের দেশে উন্নীত করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিশন-২০২১’ বাস্তবায়নে জাপানের সঙ্গে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা বৃদ্ধি করা সরকারের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান সফরে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রীর সফর এই সর্ম্পককে আরো জোরদার করবে।
জাপানের প্রধানমন্ত্রীর সফরের উল্লেখযোগ্য দিক প্রসঙ্গে মাহমুদ আলী বলেন, শিনজো আবের এ সফর বাংলাদশেরে আর্থ-সামাজিক উন্নয়ন্নের ধারায় জাপানের সহযোগিতা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরির সময় স্বাক্ষরিত যৌথ ইশতেহারে উল্লেখিত উন্নয়নমূলক বৃহত্ প্রকল্পে জাপানের সহযোগিতা পুর্নব্যক্ত করা হবে। এ সফরের ফলে জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে উত্সাহিত হবে। এছাড়া রপ্তানি বৃদ্ধি প্রাথমিক জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুত্ উত্পাদন বাড়াতে জাপানি সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জাপানি প্রধানমন্ত্রী শনিবার বেলা ১টায় একটি বিশেষ বিমানে ঢাকা আসবেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বেলা ৪টায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক করবেন। এরপর সন্ধ্যা ৬টায় শিনজো আবে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। পরদিন রবিবার সকাল সাড়ে ১০টায় শ্রীলংকার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার সন্ধ্যায় শিনজো আবের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন।
প্রসঙ্গত, ২০০০ সালে জাপানের তত্কালীন প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরির পর এটাই হবে জাপানের কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর। গত ২৫-২৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করেন। এ সময় তিনি জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ রাখতেই ঢাকা আসছেন জাপানের প্রধানমন্ত্রী।
ইঅ/চৌফে/শ৩৯৫
