রেস্তোরাঁয় আন্তঃমন্ত্রণালয় সভা

এক বৈঠকে খাবার বিল প্রায় ৮ লাখ টাকা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ২৩:৪৫

রাজধানী ঢাকার রমনা রেস্তোরাঁয় কোরবানি ঈদ সামনে রেখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আয়োজন করেছিল আন্ত:মন্ত্রণালয় বৈঠক। বৈঠক শেষে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ সাতশ’র অধিক লোক মধাহ্নভোজে অংশ নেন। সভায় উপস্থিত চার মন্ত্রী, সব বিভাগীয় কমিশনার, ঢাকার আশেপাশের জেলার জেলা প্রশাসক ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্তকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন ভোজে।

রেস্তোরাঁর তত্ত্বাবধায়ক অনীল সরকারের দেওয়া তথ্য অনুযায়ী খাবারের তালিকায় ছিল সাদা ভাত, সবজি, টাকি মাছের ভর্তা, মুরগি ও বড় আকারের আইড় মাছ। জনপ্রতি খাবারের মূল্য পড়েছে এক হাজার ৫০ টাকা। সভা উপলক্ষে ৫০০ জনের খাবারের ব্যবস্থা রাখতে বলা হলেও পরে সেই সংখ্যা সাতশ ছাড়িয়ে যায় বলে জানান তিনি। তবে বিল পরিশোধ করা হয়েছে কোন দপ্তর থেকে- সে বিষয়ে কিছু জানা যায়নি।
সভার পরে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “এখানে মিটিংটা দিয়েছি কারণ আপনারা যেন ভালভাবে বসতে পারেন। অনেকে দূর দূরান্ত থেকে আসেন, এজন্য বসার ব্যবস্থা করেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছি।”