আবুলের শখ বইমেলাতে সে
প্রকাশ করবে বই
বইমেলা এলো—লোকে জিজ্ঞাসে,
‘কই হে আবুল, কই?’
আবুলের মন ভীষণ বেজার
বই তো হয়নি বের
দুঃখ আবুল পেয়েছে প্রচুর,
লজ্জাও পেল ঢের!
‘কেন আসলো না?’ কারণ জানতে
সকলেই উত্সুক
‘পুলিশি বাধার কারণে বইটি
দেখেনি আলোর মুখ!’
জানায় আবুল। চোখে তার জল,
অন্তরে ভাঙচুর
‘কেন বাধা দিল?’ সবার কণ্ঠে
কৌতূহলের সুর।
‘বইটি কি ছিল হুমকিস্বরূপ
এই রাষ্ট্রের প্রতি?
কিংবা প্রকাশ হলে তাতে হতো
কোনো মহলের ক্ষতি?
বইটিতে ছিল ধর্মের প্রতি
বিদ্বেষ কোনো বুঝি?’
শুভাকাঙ্ক্ষীরা প্রশ্নের তীর
ছুঁড়ে দিল সোজাসুজি!
আবুল বলল, ‘ওইসব নিয়ে
লিখি নাই কোনোদিনই
আব্বা আমার পুলিশের ওসি—
বাধা দিয়েছেন তিনি!
তার কাছে আমি চেয়েছি যখন
বই প্রকাশের টাকা
টাকা তো দেনইনি! মাঝখান দিয়ে
শোনালেন কথা বাঁকা!
বেকার মানুষ কী করে বলুন
বই আর বের করি?’
শুনে সকলেই দুঃখিত স্বরে
বলল, ‘ব্রাদার, স্যরি!’
