পড়ুন, পড়েই শিখুন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৫

বইয়ের মতোন বন্ধু কে হয়? এই কথা তো জুতসই,

কিন্তু সে বই কোথায় আছে? কম দেখি এর উত্সই।

ভালো বইয়ের উত্স কম আর নেই অত প্রচার তো,

সে বই তবু কিনছে তো কেউ, কারণ? জানার স্বার্থ।

 

আজকে অনেক লেখক, কবি না পড়ছে, না শিখছে,

দৈব জ্ঞানও কেউ পেল কি? তাই যা খুশি লিখছে?

নিজের টাকায় বই করে আর প্রচার যে তার চলছে,

‘বই নাকি তা টই হলো রে?’ প্রশ্নে বা কেউ বলছে!

 

বলবে, কারণ তার যা প্রকাশ তা জানি, তাই ভাবব

হয় না কিছুই। সেই নাকি ফের বের করেছে কাব্য!

হায় রে খোদা! আজ এ দেশে লেখক হওয়ার চেষ্টা

সবচে’ সোজা; থাকলে তাদের ভাব অথবা বেশটা।

 

মেলায় ওসব বই আছে; হে পাঠক, ওসব পড়বেন?

পড়ুন, পড়ায় জ্ঞানও বাড়ে; জ্ঞান ছাড়া কী করবেন?

আরে না নাহ্; ওসব বই আর কিনব বা কী জন্য?

বিক্রি না হয়; দিচ্ছে লেখক—তাই নেব সৌজন্য।

 

ওসব পড়েই আপনি পাঠক লিখতে কি চান, লিখুন,

এই জাতিকে জ্ঞান দিতে কন, ‘পড়ুন, পড়েই শিখুন!’