সিরাজগঞ্জের রায়গঞ্জে নসিমন উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার গদাইপুর-ধানগড়া সড়কের পৌর এলাকার ধানগড়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের মো. আব্দুলের ছেলে শাহাদত্ (২৮) ও নসিমন চালক আলী আশরাফ (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাশুড়িয়া থেকে কনেপক্ষ নসিমন (শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটি) যোগে একই উপজেলার তবাড়িপাড়া গ্রামের আশরাফ আলীর বাড়িতে বৌভাত অনুষ্ঠানে যাওয়ার পথে ডালা ভেঙ্গে নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ১৪ জন আহত হন। আহতদের রায়গঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক।
