ওজন বেশি ভুঁড়ি মোটা রোগী দেখে ডাক্তারে
বলে দিলেন রুটি খেতে ‘না’ বলে ওই ভাতটারে।
সবজি দিয়ে রুটি খাবে সকাল বিকাল দুইবেলা
ঘণ্টা ধরে করবে ব্যায়াম একেবারেই নয় হেলা।
দু মাস পরে আবার যখন চিকিত্সকের চেম্বারে
মেপে দেখে ডাক্তারে কন, ওজন তবু ক্যান বাড়ে?
দু-চার কেজি কমার কথা, বাড়ল কেন দশ কেজি?
আসল কথা খুলে বলো, পরেই হিসাব কষতেছি!
ঝেরে কেশে বলছে রোগী উপায়ান্তর না দেখে
রুটি ছাড়া অন্যকিছু দেখিনি ভুলেও চেখে।
সকালবেলা দশটি রুটি ডিম ছিল আর চারখানা,
রুটি-মাংস ছাড়া রাতে খাইনি কোনো আর দানা।
বয়ান শুনে ডাক্তারে হা! আর তো কথা পান না
থামিয়ে দিয়ে বলেন তারে, আর বলো না আর না।
আগের মতো ভাতই খেয়ো, আর যেয়ো না রুটিতে
তোমার মতো জটিল রোগী পেলেই নেব ওটিতে।
ঢাকা
