খালেদা জিয়া উন্নয়নের জন্য হুমকি: তথ্যমন্ত্রী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ২০:০৭
 
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘তরুণ-যুবকসহ দেশের জনগণের একটি বড়ো অংশকে যোগাযোগ প্রযুক্তিগত দক্ষতায় গড়ে তোলা গেলেই কেবল দেশ থেকে জঙ্গিবাদকে উচ্ছেদ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সম্ভব হবে। মোটাদাগে হলেও দেশবাসীকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ করা না গেলে ডিজিটাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপরীতে জঙ্গিগোষ্ঠীর পৃষ্ঠপোষক হিসেবে ’এ্যানালগ বেগম জিয়া’ দেশের উন্নয়নের জন্য হুমকি হিসেবেই থেকে যাবেন।’
রবিবার দুপুরে ইস্কাটনের বিয়াম মিলনায়তনে প্রধানমমন্ত্রীর একসেস টু ইনফর্মেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বর্তমান বিশ্বে একটি জাতির উন্নয়নের অন্যতম হাতিয়ার। দেশের উন্নয়নে আমাদের চারটি যুদ্ধে জয়লাভ করতে হবে। সেগুলি হচ্ছে-দারিদ্র বিমোচন, পরিবেশ বিপর্যয় থেকে পরিত্রাণ, লিঙ্গ বৈষম্য হ্রাস এবং চতুর্থ ও সর্বশেষে আমাদের দেশের প্রেক্ষাপটে উন্নয়নের পূর্বশর্তই হচ্ছে দেশ থেকে জঙ্গিবাদকে উচ্ছেদ করা।’