নিউইয়র্কে ফুটবল টুর্নামেন্ট ২০১৪

ব্রঙ্কস ইউনাইটেড চ্যাম্পিয়ন, যুবসংঘ রানার আপ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১২:৫২

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত বাকডাইস-আবদীন ব্রাদার্স ফুটবল টুর্নামেন্টে ব্রঙ্কস ইউনাইটেড চ্যাম্পিয়ন এবং ওজনপার্ক যুবসংঘ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র এবং অতিরিক্ত সময়ে কোন গোল না হওয়ায় টাইব্রেকারে ব্রঙ্কস ইউনাইটেড ৫-৪ গোলে যুবসংঘকে পরাজিত করে।
নিউইয়র্ক সিটির এলমহার্স্ট নিউটাউন অ্যাথলেটিক মাঠে স্থানীয় সময় রবিবার টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন। এর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান। এসময় বক্তব্য দেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, ফুটবল লিগ ও টুর্নামেন্টের টাইটেল স্পন্সর বাকডাইস ও আবদীন ব্রাদার্স-এর পক্ষে মিসবা আবদীন এবং বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল।
টুর্নামেন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন যুবসংঘের বাবলু। সর্বোচ্চ গোলদাতা ব্রাদার্স এলায়েন্সর আশরাফ। সেরা গোলরক্ষক ফয়সাল। উদীয়মান সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন সোনার বাংলা’র মইন আহমেদ খান। এছাড়া ফেয়ার প্লে খেলার মর্যাদা পেয়েছে ব্রঙ্কস স্টার।