কে ঢুকছে আপনার ফেসবুকে?

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩২

তথ্য বেহাত হওয়া ও হ্যাক হওয়ার মতো বিষয় নিয়ে আতঙ্কে থাকেন ফেসবুক ব্যবহারকারীরা। বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে বা কোনো দুর্বলতার সুযোগ পেলেই সাইবার দুর্বৃত্তরা তাদের কার্য সম্পাদন করে ফেলে। একটু সতর্ক হলেই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার মতো বিষয়টি থেকে রেহাই পেতে পারেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ ঢুকছে কিনা এমন তথ্য পেতে পারেন নোটিফিকেশন আকারে। এজন্য আপনাকে কোনো থার্টপার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না। ব্যবহারকারীদের সুবিধার্থে ফেসবুক কর্তৃপক্ষ এ সুবিধাটি দিয়ে রেখেছে।

ফেসবুকের কিছু ফিচার আছে যেখানে ব্যবহারকারীর লগইন তথ্য, ডিভাইস, নাম ও লোকেশনগত তথ্য থাকে। ফেসবুকের নোটিফিকেশন ফিচার চালু না করলেও স্বয়ংক্রিয়ভাবে কোনো সতর্কবার্তা পাঠাবে না ফেসবুক কর্তৃপক্ষ। তাই অ্যাকাউন্টে কেউ অনধিকার প্রবেশ করছে কিনা তা জানার জন্য সেটিংস ঠিক করে দিতে পারেন। এতে কেউ আপনার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করলে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। এর জন্য পূর্বশর্ত হলো, ইন্টারনেট সংযোগের আওতায় থাকা, ফেসবুক অ্যাপ বা ওয়েব সংস্করণ চালানোর মতো ডিভাইস ও লগইন আইডি পাসওয়ার্ড।

নোটিফিকেশন অ্যাক্টিভ পদ্ধতি

দুই পদ্ধতিতে ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করা যায়। কেউ কেউ ফেসবুক অ্যাপ দিয়ে পরিচালনা করে আবার কেউ কেউ ব্রাউজারের মাধ্যমে পরিচালনা করে। যারা উইন্ডোজ পিসি বা ম্যাকবুক ব্যবহার করেন তার যেকোনো ব্রাউজার থেকে www.facebook.com সাইটে যান। ডান দিকের কোনে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন। সেখানে সেটিংস থেকে ‘Security and Login’ সেকশনে যান। এখান থেকে ‘get alerts about unrecognised logins’ ক্লিক করে প্রতিটি অপশনের নিচে ‘Get Notifications’ নির্বাচন করে দিন। এবার ‘Save changes’ ক্লিক করলে লগইন সতর্কবার্তা সক্রিয় হয়ে যাবে।

যারা মোবাইলে ফেসবুক অ্যাপ ব্যবহার করেন তারা ফেসবুক অ্যাপ খুলে ডানপাশের কোনার দিকে তিন দাগের ওপর ক্লিক করে ‘Settings & Privacy’ সেকশনে যান। সেখান থেকে ‘Security and Login’ অপশনে যান। সেখানে ‘Setting Up Extra Security’ থেকে ’Get alerts about unrecognised logins’ অপশনে যান। সেখান থেকে নোটিফিকেশন, ইমেইল, মেসেঞ্জার নির্বাচন করে দিলে আপনি নোটিফিকেশন পেতে শুরু করবেন।

ব্যবহারকারীরা চাইলে তাদের অ্যাকাউন্টের সঙ্গে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন সুবিধাটি যুক্ত করে নিতে পারেন। এতে কোন কোন ডিভাইসে ফেসবুক দেখা হবে তা পর্যালোচনার সুযোগ থাকবে। এ সুবিধা নিতে ‘Two-Factor Authentication’ সেকশনে যান এবং ‘Atuhorized Logins’ নির্বাচন করুন। সেখানে কোন কোন ডিভাইসকে অনুমোদন দেবেন তা দেখা যাবে। এরপর সেখানে ‘ক্লোজ’ বাটন ক্লিক করলে তা সংরক্ষিত হবে।