বড়াইগ্রামে ৭৫০ বোতল ফেনসিডিলসহ আটক ৪, ট্রাক জব্দ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৫:১১
নাটোরের বড়াইগ্রামে ৭৫০ বোতল ফেনসিডিলসহ চার মাদক পাচারকারীকে আটক ও একটি মিনি ট্রাক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। রবিবার রাত তিনটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
 
আটককৃতরা হলেন, রাজশাহীর মতিহার থানার ধরমপুর এলাকার শামীম (২৫), খোদাপুর ডাসমারীর দাউদ (২১), চারঘাট নন্দনগাছি গ্রামের মুকুল (২২) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের নুরুল ইসলাম (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সার্কেলের উপপরিদর্শক শফিক জানান, রাজশাহী থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাকের বডির গোপন কুঠরিতে বিশেষ কায়দায় ৭৩০ বোতল ফেনসিডিল রাখা ছিল। ট্রাকে তল্লাশি চালিয়ে শামীম, মুকুল ও দাউদকে আটক করা হয়। পরে একই স্থানে ঢাকাগামী নৈশকোচে তল্লাশি চালিয়ে আরো ২০ বোতল ফেনসিডিলসহ নূরুল ইসলামকে (২০) আটক করা হয়।
 
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ফেনসিডিল ও মিনি ট্রাকসহ আটক চারজনকে রাতে থানায় হন্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।