নিশিকরির ইতিহাস

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৩০
 
 
* ওপেন যুগে প্রথম এশিয়ান পুরুষ হিসাবে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন নিশিকরি
* নিশিকরির সেমিফাইনালে ওঠাটাও ছিল এশিয়ান রেকর্ড
* গত ৯৬ বছরে প্রথম জাপানি হিসাবে গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে ওঠেন তিনি
* ফাইনালের পথে তিনি হারিয়েছেন পাঁচ, তিন এবং তিন নম্বর বাছাইকে
* বয়সে ছোট কোন খেলোয়াড়ের বিরুদ্ধে গ্র্যান্ড স্ল্যামে এটাই ছিল জোকোভিচের প্রথম হার
* গত বছর ইউএস ওপেনের প্রথম রাউন্ডে নিশিকরি হেরে যান ১৭৯তম বাছাইয়ের কাছে
 
 
স্তানিস্লাস ওয়ারিঙ্কাকে হারিয়ে যখন সেমিফাইনালে পা রাখেন, ইতিহাস গড়ার মঞ্চটা প্রস্তুত হয়ে গিয়েছিল তখনই। চার সেটের দারুণ এক লড়াইয়ে নোভাক জোকোভিচকে হারিয়ে এবার ফাইনালে পৌঁছে গেলেন কেই নিশিকরি। গড়লেন নতুন ইতিহাসও। ফ্ল্যাশিং মিডোতে আজ রাতে ওপেন যুগের প্রথম এশিয়ান পুরুষ হিসাবে কোন গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে নামবেন তিনি।
টুর্নামেন্টের মাসখানেক আগে পায়ের পাতায় বড় ধরনের অস্ত্রপচারের কারণে ঠিকভাবে নড়াচড়াই করতে পারছিলেন না তিনি। খেলতে পারেননি মন্ট্রিল এবং সিনসিনাটিতে দুটি প্রস্তুতিমূলক টুর্নামেন্টেও। অথচ, কোর্টের খেলায় দেখা গেল না তার বিন্দুমাত্রা প্রভাবও। অথচ নিশিকরির কিনা খেলারই কথা ছিল না ইউএস ওপেনের এবারের আসরে! নিজের মুখেই ২৪ বছর বয়সী এই উঠতি সেনসেশন জানালেন সে কথা, ‘আমি জানতামও না আমার নিউইয়র্কে আসা হবে কিনা। কিন্তু প্রথম দুটি ম্যাচ খেলার পরে আমি আত্মবিশ্বাসী হয়ে উঠি। কারণ, কোন ধরনের ব্যথা ছাড়াই আমি খেলতে পারছিলাম। (কোন কোন ক্ষেত্রে) আমি হয়তো একটু পিছলে যাচ্ছিলাম। তবে আমার র্যাকেট জায়গা মতোই পৌঁছে যাচ্ছিল।’
অতীতের যে কোন সময়ের চেয়ে তিনি যে এখন আত্মবিশ্বাসী সেটা নিশিকরি না বললেও চলে। তিন দিনের ব্যবধানে শীর্ষ পাঁচের তিন খেলোয়াড়কে হারানোর পর নিশিকরির পারফরম্যান্সই বলে দিচ্ছে তার আকাশচুম্বী আত্মবিশ্বাসের কথা। তবে জোকোভিচের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচটিও পাঁচ সেটে গড়ালে সেটা বিপদের কারণ হয়ে দাঁড়াত পারতো বলে মনে করছেন তিনি। এই গ্রীষ্মেই প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ঢোকা এই তারকা বললেন, ‘আমার মনে হয় ম্যাচটি যদি পঞ্চম সেটে গড়াতো সেক্ষেত্রে আমার পক্ষে পেরে ওঠা সম্ভব হত না। চার সেটেই ম্যাচের ইতি টানতে পেরে খুশি আমি।’
নিশিকরির এমন বক্তব্য নিশ্চয়ই অমূলক নয়। চতুর্থ রাউন্ডে মিলোস রায়োনিকের বিরুদ্ধে চার ঘন্টা ২২ মিনিটের এক মহাযুদ্ধের পর কোয়ার্টার ফাইনালে ওয়ারিঙ্কার বিরুদ্ধে খেলেন আরেকটি চার ঘন্টার ম্যাচ। দু’টি ম্যাচই গড়িয়েছিল পাঁচ সেটে। অর্থাত্ চতুর্থ রাউন্ড থেকে সেমিফাইনাল পর্যন্ত চৌদ্দটি সেট খেলেছেন গড়পড়তা টেনিস খেলুড়েদের চাইতে অনেকটা খর্বাকৃতির নিশিকরি।
তবে জোকোভিচের বিশ্বাস সেমিফাইনালটিও পঞ্চম সেটে গড়ালে সেটাও নিশিকরির জন্য খুব একটা কঠিন হতো না! এই বছর কেবল একটি মাত্র গ্র্যান্ড স্ল্যাম জেতা এই সার্বিয়ান বলেন, ‘আমার মনে আরেকটি পাঁচ সেটের ম্যাচের জন্য সে প্রস্তুত ছিল। কারণ, সে দুই দিন বিরতি পেয়েছে। তাছাড়া টুর্নামেন্টের আগে সে বেশ কিছুদিন ছিল কোর্টের বাইরে। বিশ্রামের সুযোগ পেয়েছে সে।’
তবে তাই বলে নিশিকরির শ্রেষ্ঠত্ব মেনে নিতে আপত্তি নেই প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুণতে থাকা জোকোভিচের, ‘স্বীকার করতেই হবে দুর্দান্ত খেলেছে সে। তার চেষ্টার জন্য তাকে কৃতিত্ব দিতেই হবে। আজকের সেরা খেলোয়াড় ছিল সে।’
খেলোয়াড় হিসাবে নিশিকরির উন্নতির জায়গাগুলোও খুঁজে পেয়েছেন জোকোভিচ, ‘এখন যেভাবে করে আগে সে ফোরহ্যান্ডগুলো এত কার্যকরভাবে ব্যবহার করতো না। তার ব্যাকহ্যান্ডগুলোর জবাব দেয়া মুশকিল। আমার মনে হয় তার দুই হাতে মারা ব্যাকহ্যান্ডগুলো সময়ের অন্যতম সেরা। তাছাড়া তার ক্ষীপ্রতার কথাও বলতে হবে। সে প্রায় সব বলের কাছেই পৌঁছাতে পারে। প্রতিটি শর্ট বলেই সে আক্রমণ করতে চায়। সবদিক থেকেই পরিপক্ক হয়ে উঠেছে সে।’
নিশিকরির তুলনামূলক খর্বাকৃতিই তাকে কোর্টে ক্ষীপ্র করে তুলেছে বলে জানান তার কোচ মাইকেল চ্যাং। তাইওয়ানিজ বংশোদ্ভুত এই আমেরিকান বলেন, ‘দীর্ঘকায় খেলোয়াড়রা তাদের গঠন এবং শক্তিমত্তার জন্য কিছু সুবিধা পান। অন্যদিকে, খর্বাকৃতির অধিকারীরা কোর্টে অনেক বেশি দ্রুত চলাফেরা করতে পারেন। তাদের পদক্ষেপগুলো হয় অনেক বেশি সূচারু।’
চ্যাংয়ের এই বিবৃতির আরেকটি লক্ষ্য হতে পারে, ফাইনালের প্রতিপক্ষ দীর্ঘদেহী চিলিসকে মানসিক লড়াইয়ে পিছিয়ে দেয়া। নিশিকরির উচ্চতা যেখানে পাঁচ ফুট দশ ইঞ্চি, সেখানে চিলিসের উচ্চতা পাক্কা সাড়ে ছয় ফুট! তবে দুজনের অতীত মুখোমুখিতায় ৫-২ ব্যবধানে এগিয়ে আছেন নিশিকরি। জিতেছেন এবছর হওয়া দুটি ম্যাচেও। তবে ইউএস ওপেনে এর আগে দু’বার মুখোমুখি হয়ে দু’জনেই জিতেছেন একটি করে ম্যাচ।-ইউএসএ টুডে/এএফপি