একজনের ফাঁসি, যাবজ্জীবন ৫

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ০২:০২

নেত্রকোনার নওয়াপাড়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মিজানুর রহমান হত্যা মামলায় একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া আসামি লুৎফর রহমান ও জাহাঙ্গীর আলম অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ১০ বছর করে আটকাদেশ দিয়ে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এ বি এম সাজেদুর রহমান গতকাল সোমবার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন মোখলেসুর রহমান। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন হাবিবুর রহমান ওরফে বকুল মাস্টার, রামীম মিয়া, মতিউর রহমান, মোশারেফ হোসেন ও আফজাল হোসেন। রায় ঘোষণার পর জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৫ নভেম্বর স্কুল ছুটির পর পরিকল্পনা অনুযায়ী নওয়াব মিয়ার মোটরসাইকেলে করে মিজানুর রহমানকে তুলে নিয়ে যায় আসামিরা। নওয়াপাড়ায় জনৈক নিখিলের বাড়ির উত্তর পাশে ধানখেতের ড্রেনে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মিজানুরের বাবা সঞ্জু রহমান এ মামলা করেন। ২০১১ সালের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মাহবুবুর রহমান।