আমাদের দেশের চিরসবুজ নায়ক আফজাল হোসেন মঞ্চে আসছেন এক দারুণ চমক নিয়ে। মাসুম রেজার লেখা ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় নতুন একটি প্রযোজনা শুরু হতে যাচ্ছে আফজাল হোসেনকে ঘিরে! আর এই চমক লাগানো খবরটি নিয়ে চলছে পূর্ব প্রস্তুতির কাজ।
মাসুম রেজা বলেন, ‘সবকিছু চূড়ান্ত হলে আমরা অফিসিয়ালি বিষয়টি ঘোষণা করবো।’
কিন্তু মহড়া কক্ষের আলোচনা বা নাটকের স্ক্রিপ্ট নিয়ে নানা গবেষণায় এই দারুণ খবর শিল্পকলা এলাকার একাধিক নাট্যশিল্পীদের মুখে মুখে।
আফজাল হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে চাননি।
তবে নাট্যপ্রেমীদের জন্য দারুণ এক খবর হয়ে আসছেন ছোটপর্দার এই মহীরুহ।
একইসাথে তার চরিত্রেও থাকছে নানা চমক। সবচেয়ে দারুণ খবর হলো অল্প কিছুক্ষণ বা বিশেষ কোনো চরিত্রের জন্য নয়, বরং মঞ্চের দর্শকরা এই নাটকের প্রায় পুরোটা সময় ধরেই পাবেন তাদের প্রিয় আফজাল হোসেনকে। তবে নাম বা সহশিল্পী কোনোকিছু চূড়ান্ত হওয়ার খবর জানা যায়নি এখনো।
