নেটফ্লিক্সের জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে। তবে এই জনপ্রিয়তাকে অনেকটা আড়চোখে দেখছেন হলিউডের অনেক নির্মাতা। তাই শুরুর দিকে বিভিন্ন পুরস্কার আয়োজনে নেটফ্লিক্সের সিনেমার ছিল না কোনো অংশগ্রহণ। কান উত্সবেও সিনেমা প্রদর্শন নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। এতসব ঘটনা পেরিয়ে নেটফ্লিক্সের ছবি এবার অস্কার প্রতিযোগিতায়। সেরা সিনেমার মনোনয়ন তালিকায় রয়েছে নেটফ্লিক্স-এর সিনেমা ‘রোমা’। মনোনয়ন পেয়ে ইতিহাস সৃষ্টি করলেও এতে থেমে থাকতে চায় না নেটফ্লিক্স। অস্কার জিতে নতুন ইতিহাস লিখতে উঠে পড়ে লেগেছে এই অনলাইন ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট।
রোমা একটি স্প্যানিশ ভাষার চলচ্চিত্র। সেই হিসেবেও নতুন রেকর্ড গড়েছে আলফনসো কুয়ারন পরিচালিত এই ছবি। বিদেশি ভাষার ক্যাটাগরিতে সর্বোচ্চসংখ্যক ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। সেরা ছবি বিভাগের পাশাপাশি শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ পরিচালক বিভাগেও মনোনয়ন পেয়েছে রোমা। এক হিসেবে পরিচালকই এই ছবির প্রাণভ্রমরা। ছবিটি যে ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে তার মধ্যে চারটিই পরিচালকের কৃতিত্বের সঙ্গে সংশ্লিষ্ট। পরিচালনার পাশাপাশি আলফনসো কুয়ারনই এই ছবির প্রযোজক, চিত্রনাট্যকার ও সিনেমাটোগ্রাফার।
