ধনবাড়ী পাঁচপোটল ডিগ্রী কলেজে ৪ দিন ধরে তালা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৭:২৯
 
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাঁচপোটল ডিগ্রি কলেজে চার দিন ধরে তালা ঝুলছে। ফলে ক্লাসসহ সার্বিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি এবং অধ্যক্ষ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কলেজের কয়েকজন শিক্ষক ও কর্মচারী অভিযোগ করেন, ৬ সেপ্টেম্বর ক্লাস চলাকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা মুরাদ, হাবু ও তাজিনুর রহমানের নেতৃত্বে শতাধিক দলীয় কর্মী কলেজে প্রবেশ করে ক্লাস থেকে ছাত্র ও শিক্ষকদের ভয় দেখিয়ে বের করে দেয়। অধ্যক্ষের কার্যালয়সহ সব কক্ষে তালা ঝুলিয়ে দেয়। পরে কলেজ মাঠে সমাবেশ করে কলেজ প্রশাসণের দুর্নীতি ও অনিয়মের অবসান দাবি করে তারা।
পরিচালনা কমিটির সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহির মাস্টার জানান, সরকারি দলের নাম ভাঙ্গিয়ে একটি কুচক্রী মহল কলেজ নিয়ে  ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
অধ্যক্ষ আব্দুর রশিদ জানান, সরকারি দলের আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বলিভদ্র ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার জানান, স্থানীয় কিছু উশৃঙ্খল ছেলে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
 
ইঅ/চৌফে/শ১৪৮