ইউএনএফপিএ ডিবেট ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন মজীনা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৮:২৬
 
কন্যাশিশুর অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, যৌন হয়রানি এবং পাঠ্যপুস্তকে প্রজনন স্বাস্থ্যশিক্ষা অন্তর্ভুক্তকরণসহ নানা ইস্যুর উপর সপ্তাহব্যাপী আয়োজিত ‘ইউএনএফপিএ ডিবেট ফেস্টিভ্যাল ২০১৪’-এর উদ্বোধন আগামী বুধবার বেলা ১১টায় নায়েম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ইউএনএফপিএ ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন  করেছে। ১০ সেপ্টেম্বর প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউএনএফপিএ বাংলাদেশ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মি. আইওরী কাটো। ছায়া সংসদের আদলে আয়োজিত এই অনুষ্ঠানের মকস্পিকার হিসেবে সঞ্চালনা করবেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রতিযোগিতায় রাজধানীর মোট আটটি কলেজ অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হলো- ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারী স্কুল, ক্যামব্রিয়ান কলেজ, সিদ্বেশ্বরী গার্লস কলেজ, সাউথ পয়েন্ট কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ও মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ।
 উদ্বোধনী দিনে ‘নারী শিক্ষা ও কর্মসংস্থানই পারে নারী নির্যাতন বন্ধ করতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগতায় ভিকারুন্নিসা নুন স্কুল কলেজ এবং ক্যামব্রিয়ান কলেজ একে অপরের মুখোমুখি হবে।
সপ্তাহব্যাপী উত্সবের সমাপনী দিনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইউএনএফপিএ বাংলাদেশ-এর রিপ্রেজেনটেটিভ মিস আর্জেন্টিনা মাতাবেল পিচ্চিন অংশগ্রহণকারী ও বিজয়ী বিতার্কিকদের মাঝে পুরস্কার হিসেবে সার্টিফিকেট, ক্রেস্ট, ট্রফি ও অর্থ প্রদান করবেন।
 
ইঅ/চৌফে/শ১৮৭