পুত্রের হাতে পিতা খুন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ১০:১৯
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পুত্রের হাতে পিতা খুন হয়েছেন। আজ বুধবার নিহতের অপর পুত্র বাদী হয়ে ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন ।
 
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার নিমুরিয়া উত্তরপাড়া গ্রামের আব্বাস আলীকে (৭৫) তারই পুত্র দুলাল (৪৫) গত সোমবার দুপুরে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। আব্বাস আলী মাটিতে লুটিয়ে পড়লে গুরুতর অবস্থায় তাকে ঐদিনই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল মঙ্গলবার আব্বাস আলীর অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় । মঙ্গলবার দুপুরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয় ।
 
মামলার বাদী নিহতের ছোট পুত্র আমজাদ হোসেন (২২) জানান, পিতার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই দুলাল লাঠি দিয়ে মাথায় আঘাত করে।
 
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য আজ বুধবার লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে ।