বৈশ্বিক ভাবনার সাথে তাল মিলিয়ে নারী এবং পুরুষের সমন্বয়েই সুখী, সমৃদ্ধশালী গণতান্ত্রিক এক বাংলাদেশ গড়ে উঠবে। সে লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা, প্রজননস্বাস্থ্য, নারী অধিকার সবদিক দিয়েই বাংলাদেশের সাফল্য প্রশংসনীয়। বাংলাদেশের এই যাত্রায় বৈদেশিক সহযোগিতা অব্যাহত থাকবে। আজ বুধবার রাজধানীর নায়েম মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ইউএনএফপিএ ডিবেট ফেস্টিভ্যাল ২০১৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে ইউএনএফপিএর ডেপুটি রিপ্রেজেনটেটিভ আইওরি কাতো এ কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমেরিকান সেন্টারের পরিচালক আন ম্যাককলেন, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ।
আইওরি কাতো বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীদের মাঝে অসম্ভব সৃজনশীলতা রয়েছে। ইউএনএফপিএ বিতর্ক চর্চার সহযোগী হয়ে তরুণ-তরুণীদের সৃজনশীলতাকে আরও এগিয়ে নিতে চায়।
আন ম্যাককলেন বলেন, আগামীতে বাংলাদেশের তরুণ-তরুণীরা যাতে আমেরিকাসহ আরও উন্নত দেশে লেখাপড়া করার সুযোগ লাভ করে সে লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। এ ধরনের বিতর্ক চর্চা দেশের গণতন্ত্রকে আরও বেশি সুসংহত করবে বলে তিনি উল্লেখ করেন।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ইউএনএফপিএ বিশ্বের কিশোর-কিশোরীদের সুস্থভাবে বেড়ে উঠা, স্বাস্থ্য উন্নয়ন এবং নারী অধিকার সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করছে। সেই বৃহত্ কাজের অংশ হিসেবেই এই ফেস্টিভ্যালের আয়োজন। উদ্বোধনী দিনে ‘নারী শিক্ষা ও কর্মসংস্থানই পারে নারী নির্যাতন বন্ধ করতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় ভিকারুন্নিসা নুন কলেজ ক্যামব্রিয়ান কলেজকে পরাজিত করে বিজয়ী হয়।
ইঅ/চৌফে/শ২০৫
