নোফেলের ‘লাকি সেভেন’

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৬

প্রিমিয়ার ফুটবল লিগের নবাগত দল নোফেল স্পোর্টিং ক্লাব অবশেষে প্রথম জয়ের মুখ দেখেছে। নিজেদের সাত নম্বর ম্যাচে এসে জয়ের দেখা পেয়ে নোফেল কর্মকর্তারা বলছেন এটি তাদের লাকি সেভেন ম্যাচ। নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়ামে নোফেল ক্লাব ২-০ গোলে ব্রাদার্সকে হারিয়ছে। এভাবে ব্রাদার্স বিধ্বস্ত হবে ভাবা যায় না। প্রথমার্ধেই দুই গোল হজম করেছে। ৪ এবং ২৯ মিনিটে গোল হজম করে ব্রাদার্স বাকি ৬১ মিনিট খেলেও গোল শোধ করতে পারেনি। নোফের দাবি তারা খুব ভালো খেলেছে। তাহলে পেছনের  ৬টি ম্যাচে লেজেগোবরে হলো কেন। ৪টিতেই হেরেছে। ক্লাব সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহিনের জবাব আবাহনীকে কষ্ট করে জিততে হয়েছিল। বসুন্ধরাকে কষ্ট করে জিততে হয়েছিল। তিনি বলেন, ‘আমরা ভালো খেলছি; কিন্তু গোল পাচ্ছি না বলে সমস্যা হচ্ছে। আজকে ব্রাদার্সের বিপক্ষে আমাদের খেলোয়াড়রা খুবই ভালো খেলেছে। ব্রাদার্সের চেয়ে অনেক বেশি ভালো গেলছে বলেই কিন্তু জয়ের দেখা পেয়েছি।’ ৪ মিনিটে গিনির ফুটবলার অধিনায়ক ইসমাইল বাঙ্গুরা ১-০ এবং ২৯ মিনিটে ফরহাদ মনা গোল করেন ২-০। নোফেলের হোম ভেন্যু নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম। নিজেদের ভেন্যুতে জয় পাওয়াটা বাড়তি আনন্দের। কারণ কম হলেও এখানে নিজেদের সমর্থক থাকে মাঠে। জয়ের দেখা পেলে তারাও খুশি হয়। বঙ্গবন্ধু স্টেডিয়াম কিংবা অন্য কোনো ভেন্যুতে খেলা হলে নিজেদের সমর্থক থাকে না। এই সব বাড়তি সুবিধার কথা তুলে নোফেল ক্লাবের এই কর্মকর্তা ম্যাচ জিতে বললেন, ‘আলহামদুল্লিলাহ, আমরা ম্যাচটা জিতেছি।’

টানা তিন ম্যাচ হারের পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে ২-২ গোলে ড্র করে প্রথম পয়েন্ট পায় নোফেল। নোয়াখালীর মাঠে বিজেএমসির বিপক্ষে গোল শূন্য ড্র করে দ্বিতীয় পয়েন্ট পায়। আবার নিজেদের মাঠে কাল ব্রাদার্সকে হারিয়ে জয় পেয়েছে। প্রথম জয়ে নোফেল ক্লাবের ৭ খেলায় ৫ পয়েন্ট। মোহামেডানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর— তিন জেলার নাম নিয়ে গড়া নোফেল স্পোর্টিং ক্লাব। ব্রাদার্সকে হারিয়ে নোফেল ক্লাব মোহামেডানের উপরে উঠে গেছে গোল গড়ে। ব্রাদার্সের টানা ৫ হার। ব্রাদার্সের একমাত্র জয়টি মোহামেডানের বিপক্ষে। ম্যাচ শুরুর আগে চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আবার পয়েন্ট হারিয়েছে

চট্টগ্রাম আবাহনী

সিলেটের মাঠে শেখ রাসেলের কাছে হারের ক্ষত এখনো শুকায়নি। এরই মধ্যে আবারও পয়েন্ট হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। গতকাল বিকালে ময়মনসিংহের মাঠে চট্টগ্রাম আবাহনী গোল শূন্য ড্র করেছে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ৭ খেলায় ৪ জয়ে সাইফের ১৪ এবং ৮ খেলায় ২ জয়ে চট্টগ্রাম আবাহনীর ১০ পয়েন্ট।

আজকের খেলাঃ

বসুন্ধরা কিংস ও আরামবাগ। ৩টা, শেখ কামাল স্টেডিয়াম, নীলফামারী। মুক্তিযোদ্ধা ও বিজেএমসি। ৩টা, শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গোপালগঞ্জ।