দুবাই চ্যাম্পিয়নশিপ

অষ্টম শিরোপার খোঁজে ফেদেরার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৭

সাবেক বিশ্বসেরা টেনিস তারকা রজার ফেদেরার আগামীকাল সোমবার দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপে অষ্টম শিরোপার লক্ষ্যে কোর্টে নামবেন। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ জার্মান টেনিস খেলোয়াড় ফিলিপ কোহস্ক্রেইবার।

ফেদেরার দ্বিতীয় বাছাই হিসেবে প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছেন। প্রথম বাছাই খেলোয়ার হলেন জাপানের কেই নিশিকোরি, যিনি প্রথমবারের মতো প্রতিযোগিতাতে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। বিশ্ব র্যাংকিংয়ের সপ্তম স্থানে থাকা ও ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার ২০১৫ সালে দুবাই চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করেছিলেন। দুবাই ডিউটি ফ্রি স্টেডিয়ামে আগামীকাল জার্মান খেলোয়াড় কোহস্ক্রেইবারের বিপক্ষে ম্যাচ দিয়ে অষ্টম শিরোপা জয়ের মিশনে নামবেন সুইস তারকা।

প্রথম বাছাই নিশিকোরির প্রতিপক্ষ ফরাসি টেনিস খেলোয়াড় বেনোয়া পাইরে। প্রতিযোগিতার তৃতীয় বাছাই মারিন চিলিচ মুখোমুখি হবেন গায়েল মনফিলসের। এ ছাড়াও অজি ওপেনে ফেদেরারকে হারিয়ে টেনিস বিশ্বকে চমকে দেয়া স্তেফানোস সিতসিপাস প্রতিযোগিতা শুরু করবেন পঞ্চম বাছাই ম্যাথিউ এবডেনের মুখোমুখি হয়ে।