ম্যানইউ’র মাঠে কঠিন পরীক্ষায় লিভারপুল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৮

লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপের মতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলাটি শিরোপা নির্ণায়ক নয়। যদিও স্বাগতিক ম্যানইউ এ লড়াইকে ইংল্যান্ডের সবচেয়ে বড় ম্যাচ আখ্যা দিয়েছে। আজ রবিবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে খেলাটি।

কোচ ক্লপের দল খেলাটিতে ম্যানইউকে হারাতে পারলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে টপকে যাবে। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল অবশ্য ড্র করলেও সিটিকে টপকাবে। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে রেডদের শিরোপা জেতা না জেতায় বড় ভূমিকা রাখতে যাচ্ছে ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হতে যাওয়া খেলাটি।

ক্লপ এর সঙ্গে দ্বিমত পোষণ করে জানালেন আরও ১২ ম্যাচ বাকি আছে তার দলের। জার্মান কোচটি বলেন, ‘যদি সাধারণ মানুষের দৃষ্টিতে দেখি তবে এটা সেই ম্যাচ যেখানে সবার উপর অনেক বেশি চাপ থাকে। আমি হারের ব্যাপারে কখনো ভাবি না, তারপরও যদি আমরা হেরে যাই তাহলেও সিটির সঙ্গে পয়েন্টে পাশাপাশিই থাকবো আর টটেনহ্যাম সম্ভবত আমাদের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে থাকবে। সবচেয়ে বাজে এটাই ঘটতে পারে।’

এ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও টিকে আছে লিভারপুল। ক্লপ একে একটি সুযোগ হিসেবে দেখছেন। তার ভাষায়, ‘মৌসুমের দুর্দান্ত পরিসমাপ্তি উপভোগ করার সুযোগ আছে আমাদের সামনে যা শুরু হচ্ছে মৌসুমের অন্যতম কঠিন এক ম্যাচ দিয়ে।’ 

কঠিন এক ম্যাচের অনুমান করে ক্লপ জানালেন ২০ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষে থাকলেও একই রকম কঠিন থাকতো রেড ডেভিলদের বিপক্ষে লড়াইটি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি আমরা ২০ পয়েন্টেও এগিয়ে থাকতাম তাহলেও ম্যানইউ’র মাঠে জিতবই এমন নিশ্চয়তা দিতে পারতাম না, কারণ তারা ম্যান ইউনাইটেড এবং কোনো একটা কারণে তারা সবসময়ই আমাদের হারাতে চায়।’

তিনি আরও বলেন, ‘কিভাবে তাদের সমস্যায় ফেলা যায় তা নিয়ে আমাদের চিন্তা করতে হবে এবং এটাই করছি আমরা। অন্য কোনো ফলাফল হলে কি পরিণতি হবে তা নিয়ে আমি একটানা ভাবতে পারি না। যদি আমরা জয়লাভ করি তার মানে কি দাঁড়ায়? এর মানে এই যে আমরা বেশ ভালো ছন্দে আছি।’

ম্যানইউ’র পক্ষ থেকে এটিকে দেখা হচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে বড় ম্যাচ হিসেবেই। ম্যান ইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়া বলেন, ‘এটা ইংল্যান্ডের সবচেয়ে বড় ম্যাচ। এটা ভক্ত, ক্লাব ও খেলোয়াড়দের জন্য বিশেষ এক ম্যাচ। তবে যখন খেলাটা ওল্ড ট্র্যাফোর্ডে হয় তখন সেটা একটা ম্যাচের চেয়েও বেশি কিছু হয়ে দাঁড়ায়।’

এমন লড়াইয়ে নিজেদের কেবলই এগারো জনের দল মানছেন না দলটির মিডফিল্ডার হুয়ান মাতা। জানালেন ওল্ড ট্র্যাফোর্ডের পঁচাত্তর হাজার দর্শকও থাকবেন তাদের সঙ্গে। তিনি বলেন, ‘রবিবারের ম্যাচে আমরা এগারোজন নয় পঁচাত্তর হাজার নিয়ে নামতে চাই যারা সবাই খেলবে এবং গোল করার চেষ্টা করবে। এবং আমি নিশ্চিত যে তারা আমাদের সাহায্য করবে।’