চকবাজারের ঘটনায় আহতদের চিকিত্সায় অনুদান দিল ডিসিসিআই

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫২

রাজধানী থেকে কেমিক্যাল ব্যবসাসহ এর সার্বিক কার্যক্রমকে সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বিত ও স্থায়ী সমাধানে আসার তাগিদ দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। এ ধরণের স্থায়ী সমাধানে না আসতে পারলে চকবাজারের মতো ঘটনা আরো ঘটতে পারে বলেও আশঙ্কার কথা জানিয়েছে সংগঠনটি। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, কেমিক্যাল এমন একটি দাহ্য পদার্থ, এর পরিবহন, ব্যবসা ও গুদামজাত ব্যবস্থা অবশ্যই পরিকল্পিতভাবে হতে হবে। তাছাড়া একই ভবনে কেমিক্যাল ব্যবসা পরিচালনা, গুদামজাতকরণ ও বসবাস অগ্নিকাণ্ড এবং হতাহতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ডিসিসিআই ফাউন্ডেশন মনে করে, নীমতলীর পর চকবাজারই যেন এ ধরণের অনাকাঙ্খিত ভয়াবহ অগ্নিকাণ্ডের সর্বশেষ উদাহরণ হয়। এ জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

ডিসিসিআই ফাউন্ডেশনের পক্ষ থেকে চকবাজারের ঘটনায় আহতদের চিকিত্সায় ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।