সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করবে ২৭ দেশ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ০৯:৫১

সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৭টি দেশ। সম্প্রতি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত দেশগুলোর প্রতিরক্ষা গোয়েন্দা প্রধানদের সপ্তম আন্তর্জাতিক সম্মেলনে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। সন্মেলনে সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে সন্ত্রাস বিরোধী কার্যক্রমের তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে দেশীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলা কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা গোয়েন্দা সংগঠনের (এপিআইসিসি) এই সম্মেলনে সন্ত্রাস দমন, সামুদ্রিক নিরাপত্তা ও ভবিষ্যত্ গতিধারা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সন্ত্রাস বিরোধী কার্যক্রমের তথ্য আদান-প্রদান এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ধরন নিয়ে সন্মেলনে ব্যাপক আলোচনা করা হয়। এছাড়া হাওয়াইতে অনুষ্ঠিত ‘মানব হিতৈষী সহযোগিতা ও ত্রাণ তত্পরতা’ অনুশীলনের উপর সার্বিক মূল্যায়ন করা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘নিরাপত্তা সহযোগিতার ভবিষ্যত্ চ্যালেঞ্জ ও সম্ভাবনা।’ বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর এবং ইউএস প্যাসিফিক কমান্ডের গোয়েন্দা মহাপরিদফতরের যৌথ ব্যবস্থাপনায় সন্মেলনটি অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, স্বাধীনতার পর  দেশে এ ধরনের সম্মেলন এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো।

সংশ্লিষ্টরা জানান, সম্মেলনে অংশগ্রহণকারী অভিজ্ঞ গোয়েন্দা কর্মকর্তাদের পারস্পরিক আলোচনা ও ভাব বিনিময় দেশগুলোর সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্মেলনে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে কয়েকজন জানান, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্স’ এর স্বীকৃতি হিসাবে ঢাকায় এ সন্মেলন অনুষ্ঠিত হলো। এর মধ্য দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমন্ডলে এক সম্মানজনক আসনে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

সন্মেলনে অংশ নেয়া দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া, কানাডা, চিলি, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ভারত, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া, মালয়েশিয়া, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, টোঙ্গা, ভিয়েতনাম, চীন, লাওস ও মালদ্বীপ।
প্রসঙ্গত, এপিআইসিসি’র প্রথম সম্মেলন ২০০৭ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়। গত বছরের জুনে ইন্দোনেশিয়ার জাকার্তায় সর্বশেষ সম্মেলন হয়েছে।