বাংলাদেশ দূতাবাস অ্যাম্বাসেডরস কাপ জিতল পাকিস্তান

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১৬:০৬
 
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসির আয়োজনে স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত হলো দ্বিতীয় অ্যাম্বসেডরস কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ওয়াশিংটন ডিসির নয়টি টেস্ট খেলুড়ে দেশের দূতাবাসসমূহের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে এবার অনুষ্ঠিত হলো মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যালভারটন-গ্যালওয়ে লোকাল পার্কে।
এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ত্রিনিদাদ ও টোবাগো (ওয়েস্ট ইন্ডিজ) এবং যুক্তরাজ্য ছাড়াও প্রথমবারের মত অংশগ্রহণ করে পাকিস্তান। গতবারের কাপ বিজয়ী দল হিসেবে টুর্নামেন্টের আয়োজকের দায়িত্ব পালন করে বাংলাদেশ দূতাবাস। ফাইনাল খেলায় পাকিস্তান দূতাবাস দল যুক্তরাজ্য দূতাবাস দলকে ৪৮ রানের ব্যাবধানে পরাজিত করে ট্রফি জিতে নেয়। 
সকালে যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড এর মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। যুক্তরাজ্য দূতাবাস নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলকে হারিয়ে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে ওঠে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে 'বি' গ্রুপের খেলা শুরু হয়। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে পরাজিত করে। পরবর্তীতে পাকিস্তান ও শ্রীলঙ্কা র মধ্যে অনুষ্ঠিত ম্যাচে বিজয়ী দল পাকিস্তান দূতাবাসের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। পাকিস্তান দূতাবাস দল বাংলাদেশ দূতাবাস দলকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। 
নিয়মিত বিরতিতে বৃষ্টি হওয়া সত্ত্বেও সকাল থেকেই টুর্নামেন্ট উপলক্ষে পার্কে ছিল উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারী দূতাবাসসমূহের খেলোয়াড়বৃন্দ, দূতাবাসের কর্মকর্তা ও তাঁদের পরিবার, কমিউনিটি থেকে আসা বিপুল দর্শক পুরো সময়জুড়ে মাঠে অবস্থান করে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে মাঠে উপস্থিত হন দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।     
পরবর্তীতে সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যোগ দেন খেলায় অংশগ্রহণকারী দূতাবাসসমূহের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তাগণ, খেলোয়াড়বৃন্দ, মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ জিয়াউদ্দিন বিজয়ী দলের হাতে ট্রফি এবং সেরা খেলোয়াড়দের মাঝে মেডেল তুলে দেন। যুক্তরাজ্য দূতাবাস দলের গ্রাহাম ৬টি উইকেট নিয়ে সেরা বোলার, পাকিস্তান দূতাবাস দলের বখতিয়ার ৩ ম্যাচে ৮১ রান তুলে সেরা ব্যাটসম্যান এবং একই দলের আদিল ভাট্টি ম্যান অব দ্য টুর্নামেন্ট-এর পুরষ্কার পান। 
রাষ্ট্রদূত তাঁর বক্তৃতায় সকল অংশগ্রহণকারী দূতাবাসকে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি বিশেষ করে নিউজিল্যান্ড দূতাবাসকে ধন্যবাদ জানান এই টুর্নামেন্ট শুরুর উদ্যোগ গ্রহণের জন্য। পাকিস্তান দূতাবাসকে অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন এই টুর্নামেন্ট প্রতিবছরই অনুষ্ঠিত হবে এবং অন্যান্য কমনওয়েলথভুক্ত দেশের অংশগ্রহণে ভবিষ্যতে এর প্রসার আরও বৃদ্ধি পাবে। এই ধরণের আয়োজন দূতাবাসগুলো এবং সংশ্লিষ্ট ডায়াস্পোরার সদস্যদের মাঝে পারস্পারিক বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে সুদৃঢ় করে বলে তিনি মন্তব্য করেন।
পাকিস্তানের রাষ্ট্রদূত তাঁর প্রতিক্রিয়ায় পাকিস্তান দূতাবাস দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান এই টুর্নামেন্ট অত্যন্ত সফলভাবে আয়োজনের জন্য। এছাড়া আগামী বছর পাকিস্তান দূতাবাস এই টুর্নামেন্ট আয়োজন করবে বলে তিনি ঘোষণা দেন।