সেনবাগে অটোরিকশা ধর্মঘটে যাত্রী দুর্ভোগ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১৭:১৯
 
সেনবাগ-সোনাইমুড়ি সড়কে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশার সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে দুইদল শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার দুপুর থেকে শুরু হওয়া সিএনজি চালিত অটোরিকশা ধর্মঘট রবিবারও অব্যাহত ছিল। এতে সড়কে সব ধরনের সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে উপজেলার রাস্তার মাথায় চালক ও লাইনম্যানের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
সেনবাগ উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুল হক সেন্টু জানান, শ্রমিক ও লাইনম্যানদের ভুল বুঝাবুঝির কারণে ঘটনাটি ঘটলেও তা নিরসনের চেষ্টা চলছে।
সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম শ্রমিক নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিচারের আশ্বাস দেন।