যখন নীরবতা পালন করাই শ্রেয়

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৬

সব কথা সব সময় বলিতে নাই। ইহার বিপদও আছে। যে কথা সকলে জানেন ও বোঝেন, তাহার বিপরীত কিছু বলা অনেক সময় সুবিধার হয় না। এই ক্ষেত্রে নীরবতা পালন করাই শ্রেয়। তাহারপরও কেহ হয়তো প্রশ্ন করিতে পারেন, জানিয়া শুনিয়া বিপরীত কিছু বলিতে চাহিলে তাহাতে ক্ষতি কী? ক্ষতি হয়তো নির্দিষ্ট করিয়া বলা কঠিন, কিন্তু বাস্তবতা বলিয়াও একটি কথা আছে। আমরা স্বীকার করি আর নাই করি, অনেক সময় সেই বাস্তবতার মুখোমুখি আমাদের হইতে হয়। তাহাছাড়া ইংরেজিতে একটি প্রবাদ আছে— ‘ইফ ইউ ক্যান নট ফুল আদারস, দেন ইট ইজ গুড। বাট ডু নট বি ফুল ইউরসেল্ফ’। অর্থাত্ তুমি যদি অন্যকে বোকা বানাইতে না পারো ক্ষতি নাই, তবে নিজেকে বোকা বানানো ঠিক নহে।  কোনো প্রবাদ-প্রবচনই একদিনে গড়িয়া ওঠে নাই। ইহা আসলে মানুষের দীর্ঘদিনের অভিজ্ঞতার নির্যাস বা সারবস্তু বিধায় ইহা উপলব্ধি করিতে আমাদের তেমন কোনো বেগ পাইতে হয় না বা বুঝিতে বিশেষ কোনো জ্ঞান-গরিমাও লাগে না।

যেই কথা সকলেই জানেন, তাহার বিপরীতে কিছু না বলিয়া চুপ থাকাটাই ভালো এই কারণে যে, ইহাতে পরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হওয়ার আশঙ্কা থাকে না। অনেক সময় দেখা যায়, তাহার বিপরীতে কিছু বলিতে গেলে জনগণ হয়তো বুঝিতে পারেন না। কিন্তু যাহারা সরাসরি সেই ঘটনা বা কাজের সহিত জড়িত ছিলেন, তাহাদের তো ইহা অজানার কথা নহে। প্রকৃত সত্যটা তাহারা ভালোমতোই জানেন। সুতরাং কেহ যখন বক্তৃতা-বিবৃতির মাধ্যমে যাহা ঘটিয়াছে, তাহার বিপরীত কিছু বলা শুরু করেন বা একই কথা বারংবার বলিতে থাকেন, তখন সেই প্রত্যক্ষ জ্ঞানের অধিকারী, বিজ্ঞ ও অভিজ্ঞ লোকদের বিব্রত হইবারই কথা। অন্তত ইহাতে তাহাদের যে সম্মান থাকিবার কথা ছিল, সেই সম্মানটুকু আর থাকে না বলিলেই চলে। সুতরাং এমন ক্ষেত্রে আমাদের চুপ থাকাই উত্তম ।

অতিরিক্ত কথা যে বলে আমরা তাহাকে বাচাল বলি। আর যাহারা জানিয়া-শুনিয়া সত্যের বরখেলাপ করেন এবং এমন মহলের সম্মুখে তাহা করেন যে ব্যাপারে তাহাদের প্রত্যক্ষ জ্ঞান বা অভিজ্ঞতা রহিয়াছে, তখন তাহারা অনেক সময় হাস্যরসের পাত্রও হইয়া ওঠেন বা উঠিতে পারেন? বিজ্ঞ লোকেরা প্রকাশ্যে কিছু না বলিলেও তাহারা যে মুখ টিপিয়া হাসেন না, তাহাও আমরা হলফ করিয়া বলিতে পারি না। অতএব, কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে কখন ও কেন চুপ করিয়া থাকিতে হইবে তাহা রপ্ত করা একটি আর্ট বা শিল্পও বটে। আমাদের এই শিল্পে অবশ্যই পারদর্শী হইতে হইবে।