মওদুদকে ধন্যবাদ দিলেন হাছান মাহমুদ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ১৯:১৯
 
বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশের কথা চিন্তা না করে তার দুই পুত্রের কথা চিন্তা করেছেন মর্মে সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ তার বইয়ের মাধ্যমে সত্য উদঘাটন করায় তাকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ  আয়োজিত ‘চলমান রাজনীতি দেশবাসীর করণীয়’ শীর্ষক  আলোচনা সভায় তিনি এ ধন্যবাদ জানান।
মওদুদ আহমেদের বইয়ের উদ্ধৃতি দিয়ে হাছান মাহমুদ বলেন, এ বইয়ে ২০০৮ সালের নির্বাচনে জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা, হাওয়া ভবন সৃষ্টির মাধ্যমে দুর্নীতি, চাঁদাবাজি ও যুদ্ধাপরাধীদের মদদের যে অভিযোগগুলো আমরা এতোদিন করে এসেছি সেগুলো এ বইয়ের মাধ্যমে মওদুদ আহমেদ মূলত তা স্বীকার করে নিয়েছেন।  এটি শুধুমাত্র মওদুদ আহমেদের স্বীকারোক্তি নয়, এটা বিএনপিরও স্বীকারোক্তি।
 শনিবার সুপ্রিম কোর্ট চত্বরে ব্যারিস্টার মওদুদ আহমেদের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুব উল্লাহ’র ওপর হামলার নিন্দা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, তার ওপর এ হামলা বিএনপির সমর্থকরাই চালিয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, মওদুদ আহমেদ তার বইয়ে বিএনপির মতাদর্শ অনুযায়ী জিয়াউর রহমানের পরিবর্তে ড. মাহবুব উল্লাহ নামক আরেকজন স্বাধীনতার ঘোষক হিসেবে আবির্ভূত হওয়ায় বিএনপির সমর্থকরাই তার ওপর চড়াও হয়েছে।
সোমবার সকালে প্রেসক্লাবে ড. মাহবুব উল্লার ওপর আক্রমনের প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, মূলত আক্রমনকারীরাই আবার  প্রতিবাদ সভা ডেকেছে।
‘আওয়ামী লীগ বিদেশিদের খুশি করার জন্য মধ্যবর্তী নির্বাচন দিতে পারে’ মর্মে সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ শুধুমাত্র দেশের মানুষকে খুশি করার জন্য রাজনীতি করছে; অন্য কাউকে খুশি করার জন্য নয়। আর বিদেশীদের কাছে ধরনা দিয়ে তাদের খুশি রেখে ক্ষমতায় আসার পায়তারা মূলত বিএনপিই করছে। তিনি বলেন,  ৫ জানুয়ারির নির্বাচনের পর সরকার যেভাবে দেশ পরিচালনা করছে তাতে বিদেশি রাষ্ট্র ও দাতা সংস্থাসহ সবাই সরকারকে সমর্থন জানিয়েছেন। সরকারের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। 
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাইমুম সারোয়ার কমল এমপিসহ সংগঠনের নেতৃবৃন্দ।