ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা নামক স্থানে ডাকাত ও পুলিশের মধ্যে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। আজ রাত আড়াইটার দিকে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। নিহত ডাকাতের পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাত আড়াইটার দিকে একদল ডাকাত কালীগঞ্জ-জীবননগর সড়কের পাতবিলাতে বাস-ট্রাকে ডাকাতির উদ্দেশ্যে রাস্তার পাশের দুটি গাছ কেটে ব্যারিকেড দেয়। পুলিশের একটি টহল গাড়ি ওই ব্যারিকেডে বাধা পেয়ে সেখানে অবস্থান নেয়। এ সময় ডাকাতদল পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে ১০-১২ মিনিট ’বন্দুকযুদ্ধ’ চলে। ডাকাতদল পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শার্টারগান, এক রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করে।
বন্দুকযুদ্ধে কনস্টেবল রেজ আহমেদ ও সঞ্জয় সামন্ত আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ১১ রাউন্ড গুলি বর্ষণ করে করে বলে ওসি আরো জানান।
