অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরে সাতজন লেখককে সম্মাননা দিয়েছে অনলাইন নিউজ পোর্টাল নাগরিক বার্তা। শুক্রবার বিকালে পত্রিকার কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় গ্রন্থমেলায় এক বা একাধিক বই প্রকাশিত হয়েছে এমন লেখকদেরকে এই প্রথম পত্রিকাটি এ সম্মাননা দেয়। পত্রিকার এডিটর ইন চিফ মুহাম্মদ মাসুদ আলমের সভাপতিত্বে সংবর্ধিত অতিথিদের হাতে ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন প্রধান অতিথি নাগরিক বার্তার উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক গোলাম কিবরিয়া। এ সময় বক্তব্য রাখেন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদার। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন লেখক অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান, ডা. পীযূষ কান্তি বড়ুয়া, মাইনুল ইসলাম মানিক, কাদের পলাশ, খোরশেদ আলম, রফিকুজ্জামান রনি ও আশিক বিন রহিম।
