কড়া নাড়ছে শীত

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৭:৪৪

শীত মানেই রঙিন ফ্যাশন। শীতের বৈরী আবহাওয়া থেকে নিজেকে উষ্ণ রাখতে পরিবর্তন আসে পোশাক-আশাকে। তবে এখনো যেহেতু শীতের প্রকোপ কম, তাই এই সময় সঙ্গী হতে পারে হালকা কিন্তু ফ্যাশনেবল শীতের পোশাক। শ্রাগ, পাতলা সোয়েটার বা ভারী ফ্লিস নিটের রাউন্ডনেক আর ডেনিমই হতে পারে ফ্যাশনিস্তাদের সঠিক স্ট্রিটওয়্যার!

মিঠে রোদ, বাতাসে হিমেল পরশ ছাড়া শীতের কথা ভাবাই যায় না। আবার শীতের রাত মানেই পার্টি, হই-হুল্লোড়। তাই শীতের পোশাক কেনার আগে দুদিকটাই ভাবুন। ম্যাড়ম্যাড়ে নয়, বরং উজ্জ্বল রঙের শীতের পোশাকই এখন ফ্যাশনে ইন।

চলছে শীতের পুরোনো পোশাকগুলোই আবার নামিয়ে, রোদে দিয়ে শীত মোকাবিলার আয়োজন। শীত তো থাকবে মোটে দুই মাস কিংবা আরও কম। নতুন কাপড় কিনেই বা কী হবে। শীতের সময়টা বরং ওজন কমানোতে মন দেওয়া যাক, যাতে গরম এলে পরা যায় নানা ফ্যাশনেবল পোশাক। নাহ, এই ভাবনায় আর থাকা যাচ্ছে না। অন্তত রঙেঢঙে দারুণ সব শীতের পোশাক দেখলে তো আর তা মনেই আসবে না। এ দেশে শীত পড়ে কম, তাই বলে শীতপোশাকের বাহারে কমতি নেই। কম ঠাণ্ডায় পরার উপযোগী করেই বানানো হচ্ছে এ সময়ের শীতের পোশাক। আর ট্রেন্ডও বদলে যাচ্ছে বছর বছর।

হালকা শীতে পরার জন্য বাজারেই পাওয়া যায় রংবেরঙের নানা নকশার সোয়েটার। গলার ডিজাইনের ওপর নির্ভর করে বিভিন্ন ধরনের হালকা বুননের সোয়েটার ট্রেন্ডে ইন। ছেলেদের জন্য আছে ভি নেক, টারটল নেক, ক্রু নেক, গোল গলা প্রভৃতি।

ফ্যাশন ব্র্যান্ড জেন্টল পার্কের ডিজাইন বিভাগের প্রধান শাহাদাত্ চৌধুরী বাবু বলেন, ‘ফ্যাশন তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যদি তাতে সমকালীন রুচির প্রকাশ ঘটে। একারণেই দেশি ব্র্যান্ডগুলো পাশ্চাত্য ট্রেন্ড অনুসরণ করে শীতের জন্য আভিজাত্যের মিশেলে তৈরি করেছে ফেস্টিভ এবং স্ট্রিট ক্যাজুয়াল ফ্যাশন আউটফিট। সর্বশেষ কালার চার্ট এবং প্যাটার্নে তৈরি এসব বৈচিত্র্যপূর্ণ পোশাকে থাকছে ডিজাইন, ফিটিংস ও কাপড়ের ভিন্নতা।’

তরুণ-তরুণীদের জন্য রেডি টু ওয়্যার আউটফিট হিসেবে এবার হালকা শীতের জন্য ফ্যাশনে ইন জ্যাকেট, কটি, সোয়েটার, ডেনিম ও শ্রাগ। লেয়ারিং ফ্যাশন ট্রেন্ডের আদলে শীত পোশাকে প্রাধান্য পেয়েছে রঙের বর্ণিলতা। হালকা শহুরে শীতে পরার উপযোগী নিট কাপড়ের ইনার পোলো, শ্রাগ ও টি-শার্টও সববয়সীদের জন্য ফ্যাশনে ইন।

তাই ভারী সোয়েটার, জ্যাকেট, শাল, কানটুপি তীব্র শীতের জন্য তুলে রেখে তার পরিবর্তে পরতে পারেন ভারী কাপড়ের টপস, বিভিন্ন ডিজাইনের লং কার্ডিগান। আঁটসাঁট জিনস বা লেগিংস পরার মোক্ষম সময় এখনই।

গত বছরই খানিকটা পরিবর্তন হয়ে নতুন ঢঙে হাজির হয়েছিল ড্রেপ কার্ডিগানও। এ বছর রং, নকশা ও কাটে আরও বৈচিত্র্য নিয়ে হাজির হয়েছে তা। দেশি নিটে তৈরি বাটনলেস সোয়েটারও সমান জনপ্রিয় এখন গলার কাটে গোল ও ভি শেপ। হালকা, ভারী, ফরমাল, ক্যাজুয়াল সব ঢঙেই এই শীত পোশাক মানানসই। তবে জিনস বা লেগিংসের সঙ্গে লং সোয়েটার ভালোই মানাবে। এ ছাড়াও পরতে পারেন গেঞ্জি কাপড় বা ট্রাউজার কাপড়ের তৈরি হুডি। এটি একদিকে যেমন হালকা শীতের জন্য আরামদায়ক, অন্যদিকে স্টাইলিশও বটে।

 

               মডেল    মিথিলা ও রাতুল

            মেকআপ    মিউনী’স ব্রাইডাল

             পোশাক    জেন্টল পার্ক

                  ছবি    সাগর হিমু

             কৃতজ্ঞতা    চা ওয়ালা