শ্রীপুরে ৫’শ ৯০ বোতল ফেনসিডিল আটক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ২১:২৩
 
 
 
মঙ্গলবার সন্ধ্যায় মাগুরার শ্রীপুর থানা পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫’শ ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ভর্তি একটি আলম সাধু আটক করেছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ মো. আওলাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন যে, আলম সাধু (স্থানীয় যান) বোঝাই বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিল যশোর থেকে চোরাই পথে ওয়াপদা বাজার হয়ে ফরিদপুরের দিকে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার এস আই মো. মহসিন ও নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. তৈয়েবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা মোড় বাজার এলাকায় সন্দেহভাজন চলন্ত আলম সাধুটিকে গতিরোধ করার চেষ্টা করলে গাড়ির চালক পুলিশি ব্যারিকেড ভেঙ্গে পার্শ্ববর্তী একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে । এমন সময় ওয়াপদা এলাকার কমিউনিটি পুলিশিংয়ে সহযোগিতায় কর্তব্যরত পুলিশ গাড়িটিকে ধাওয়া করে ফরিদপুর এলাকা থেকে গাড়িটি আটক করতে সক্ষম হয় কিন্তু গাড়ির চালক পালিয়ে যায় । পরে গাড়িটি তল্লাশি করে ৫’শ ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।