মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলায় কাজীপুর ইউনিয়নের রামনগর-ভবানীপুর গ্রামের তালতলা মাঠে বোমা হামলার ঘটনা ঘটে। বোমার আঘাতে আওয়ামী লীগের তিন কর্মী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শিয়ালা গ্রামের মুজিবুল হক (৪২), গাংনীর ভবানীপুর গ্রামের আনারুল ইসলাম (৩৭) ও গোলাম মোস্তফা (৩৯)। আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানায়, আহত তিনজন একটি মটরসাইকেলে চড়ে রামনগর থেকে ভবানীপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় তালতলা মাঠে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার বিকট শব্দে গ্রাম কেঁপে ওঠে। এতে মুজিবুল হকের মুখমন্ডল ঝলসে যাওয়াসহ ডান হাত বিছিন্ন হয়ে গেছে। আনারুল ইসলাম ও গোলাম মোস্তফার মুখমণ্ডল ও ডান পা জখম হয়েছে। তাঁরা সবাই স্থানীয় আওয়ামী লীগের কর্মী।
ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক স্বপন কুমার জানান, আহত ব্যক্তিরা বোমার আঘাতে নাকি অন্য কোনোভাবে আহত হয়েছেন, তা পুলিশ খতিয়ে দেখছে।
এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল জলিল রাত সোয়া ১০টার দিকে জানান, ওসিসহ পুলিশ ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। বোমায় তিনজন আহত হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।