ইরাকে স্থলসেনা মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৫২
 
ইরাকে আবারো মার্কিন স্থলসেনা মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা। এ দিকে, ইসলামিক স্টেটের (আইএস) ওপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের ওপরও হামলার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠীটি। খবর আল-জাজিরা ও রয়টার্সের।
ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সেখানে মার্কিন স্থলসেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফ মার্টিন ডেম্পসির কথা অনুসারে এমনটাই মনে হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার তিনি বলেন, আইএস যোদ্ধাদের হাত থেকে উত্তরাঞ্চলীয় নগরী মসুল পুনরুদ্ধারের মতো সম্ভাব্য জটিলতাপূর্ণ অভিযানে ইরাকিদের পাশে থাকতে মার্কিন সেনাদের আরো বেশি কিছু করার পরামর্শ দিতে পারেন তিনি।
যুক্তরাষ্ট্রের শীর্ষ এই সামরিক কর্মকর্তা আরো বলেন, ‘এই অভিযানে পরামর্শ অথবা সঙ্গে থাকার মাধ্যমে ঘনিষ্ঠভাবে লড়াই করাটা মিশনের একটা গুরুত্বপূর্ণ অংশ হলে তা ভালো হবে।’ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষিত রাষ্ট্রীয় নীতিমালায় সরাসরি যুদ্ধে মার্কিন স্থলসেনা  না থাকার বিষয়টি স্বীকার করে ডেম্পসি বলেন, ‘তিনি আমাকে একেকটি ঘটনা অনুযায়ী তার সঙ্গে আলোচনা করার কথাও বলেছেন।’ তবে এবার স্থলসেনা মোতায়েন করা হলেও তা ২০০৩ সালে ইরাকে মার্কিন অভিযানের মতো হবে না বলেও জানিয়েছেন এই সামরিক কর্মকর্তা।
এ দিকে, আইএসের ওপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ওপর হামলার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠীটির এক সমর্থক। গ্রুপটির ওপর মার্কিন হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে এমন হুমকি দেওয়া হলো। সার্চ ফর ইন্টারন্যাশনাল টেরোরিস্ট এন্টিটিস (এসআইটিই) নামের একটি পর্যবেক্ষণ সংস্থা এ খবর দিয়েছে।
আইএসের এক সমর্থক ইসলামিক জিহাদিস্ট নামক অনলাইন ফোরামে একটি বার্তার মাধ্যমে এ হুমকিটি দিয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র আইএস জঙ্গিদের ওপর ব্যাপক পরিসরে হামলার ঘোষণার পেক্ষাপটে হুমকিটি দেয়া হলো। আরবি ভাষায় লেখা ওই বার্তায় বলা হয়েছে, ‘আমি খুব শক্ত ভাষায় হুঁশিয়ার করছি যে, ইসলামিক খেলাফতের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যারা যুক্ত হবে তাদের স্থানীয় ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিও আমাদের টার্গেট হবে।’ এ ছাড়া, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশের জনগণের প্রতি তাদের সরকারের আইএস-বিরোধী উদ্যোগের বিরোধিতা করারও আহ্বান জানানো হয়েছে ওই বার্তায়।
কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আইএস দমনে পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের আহ্বান জানান। ওয়াশিংটনের এ উদ্যোগের প্রতিক্রিয়াস্বরূপ এমন হুঁশিয়ারি দিল আইএস। উল্লেখ্য, ইসলামিক স্টেট যোদ্ধারা ইরাক ও সিরিয়ার বেশ কিছু এলাকা দখল করে সেখানে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। তাদের অব্যাহত অগ্রগতিকে হুমকি মনে করে এই গ্রুপটিকে ঠেকানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা।