খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ওয়েস্টসেফ-২০১৯ ‘সিক্সথ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট অ্যান্ড ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট ইন সাউথ-এশিয়ান কানট্রিস’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে তালুকদার আব্দুল খালেক বলেন, ‘মানব বর্জ্যকে সম্পদে পরিণত করা সম্ভব, তাহলে এটি কোনো বোঝা হবে না বরং তা আমাদের উপকার করবে। ওয়েস্ট অ্যান্ড ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট বিষয়টি একটি শহরের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুলনা সিটি করপোরেশন সে কাজটিই করছে।
ওয়েস্টসেফ ২০১৯ এর চেয়ার কুয়েটের সাবেক ভাইস-চ্যান্সেলর এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তৃতা করেন। চিফ প্যাট্রন হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকটিং ভাইস-চ্যান্সেলর ও সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কাজী হামিদুল বারী।
সম্মেলনের সহযোগী আয়োজক হিসেবে বক্তৃতা করেন জার্মানির বা’হস ইউনিভার্সিটি ওয়েমার এর প্রফেসর ইকার্ড ক্রাফট, স্ট্রাটেজিক পার্টনারস হিসেবে বক্তৃতা করেন প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের মেহেরাব উল গণি, ওয়াটারএইড বাংলাদেশ এর ড. মো. লিয়াকত আলী, থিম পেপার প্রেজেন্টেশন করেন ইটালির ইউনিভার্সিটি অব প্যাডোভা এর প্রফেসর রাফায়েলো কসু। এ সময় বিশেষ অতিথি এসএনভি বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর জেসন মিটকেল বিলাংগারের লিখিত বক্তব্য পাঠ করা হয়।
সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষে অনুষ্ঠিত হবে ১২টি প্যারালাল টেকনিক্যাল সেশন ও তিনটি কী-নোট সেশন। সম্মেলনে মোট তিনটি কী-নোট পেপার, একটি থিম পেপার ও ৭৭টি কারিগরি পেপার উপস্থাপিত হবে এবং সেরা তিনটি পেপারকে প্রফেসর ড. মোহাম্মদ হারুনুর রশীদ বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। দু’দিনব্যাপী ওয়েস্টসেফ-২০১৯ আন্তর্জাতিক সম্মেলনে জার্মানি, ইটালি, নেপাল, ভারত ও জিম্বাবুয়ের ৪৫ জনসহ ২০০ জন খ্যাতনামা বিজ্ঞানি, গবেষক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবী ও নীতিনির্ধারকগণ অংশ নিয়েছেন।
বর্জ্য ব্যবস্থাপনার কৌশল, পরিবেশগত এবং আর্থ-সামাজিক প্রেক্ষাপট, কারিগরি ও অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের জন্য নতুন নতুন কৌশল উদ্ভাবনের লক্ষ্যে কুয়েট, বা’হস বিশ্ববিদ্যালয় ওয়েমার জার্মানি, ইউনিভার্সিটি অব প্যাডোভা ইটালি ও ইন্টারন্যাশনাল ওয়েস্ট ওয়ার্কিং গ্রুপের (আইডব্লিউব্লিউজি) যৌথ আয়োজনে কুয়েটে ষষ্ঠ বারের মতো এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এসএনভি-নেদারল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ওয়াটার এইড, সেভেন রিংস সিমেন্ট, প্রাকটিক্যাল অ্যাকশন ও চায়না জিও-ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিজিসি)। সম্মেলনে প্রফেসর রাফায়েলো কসু-কে ওয়েস্টসেফ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
