বঙ্গবন্ধু উপাধির সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হওয়ার সুবর্ণজয়ন্তী’ উদযাপন উপলক্ষে ১০ টাকা মূল্যমানের দুটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। গতকাল শনিবার বিকালে ১০ টাকা মূল্যমানের ১টি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের ১টি ডাটা কার্ড অবমুক্ত করেন। এতে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ আয়োজিত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলি যোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড গতকাল থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে। পরে অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে বিক্রি করা হবে।

‘বঙ্গবন্ধু’ উপাধির ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা আজ

এ দিকে আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার বিকাল ৩টায় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। সভায় সভাপতিত্ব করবেন প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। আগামী ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।