গজারিয়ায় পেপার মিলে অগ্নিকাণ্ড

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৪৮
 
মুন্সীগঞ্জের গজারিয়ার আনারপরে রবিবার সকালে বসুন্ধরা পেপার মিলসের অগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় সাড়ে নয়টা থেকে চেষ্টা চালিয়ে দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 
ঘটনাস্থলে ফায়ার সার্ভির্সের উপ সহকারী পরিচালক মমতাজ উদ্দিন জানান, বসুন্ধরার টয়লেট পেপার, সেনিটারি ন্যাপকিনসহ, বিভিন্ন সামগ্রীর মোড়ক এবং কয়েকটি মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে জানা যায়নি।
তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত না করে এ ব্যাপারে স্পষ্ট বলা যাচ্ছে না। 
গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, সকাল সোয়া নয়টার দিকে প্রথমে মিলটির গুদামে আগুন লেগে তা ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। মিলটির নিজস্ব ব্যবস্থায় প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ঢাকার ডেমরা থেকে দুইটি ও নারায়ণগঞ্জের বন্দর থেকে একটি ইউনিট যোগ দেয়। এ ঘটনায় ছয়জন শ্রমিক আহত হয়েছে।
এই সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এই পেপার মিলসের পাশে শত শত মানুষ ভিড় জমায়। তারা ভেতরের প্রবেশ চেষ্টা চালায় এবং বিক্ষোভ প্রদর্শন করে।