গাইবান্ধার গোবিন্দগঞ্জে নুরজাহান বেগমকে (৪০) জবাই করে হত্যা করেছে স্বামী মঞ্জু মিয়া (৪৫)। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাহার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে মঞ্জু পলাতক রয়েছেন। নুরজাহান বেগম ঐ মৃত. মোহাম্মদ আলীর মেয়ে।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) মেহেদি রাসেল জানান, মঞ্জু রাতে মঞ্জু ছয় থেকে সাতজন দুর্বৃত্ত নিয়ে এসে নুরজাহানের শয়ন ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। তারা ওই ঘরে থাকা নুরজাহানের ছেলে নুরুন্নবী (০৮), ও মা সামত্য বানুর (৬৫) হাত-পা বেধে নুরজাহানকে জবাই করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, গত বছর জুন মাসে স্বামী পরিত্যক্তা নুরজাহান বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে গেলে প্রতিবেশী মঞ্জু তাকে ধর্ষণ করে। একপর্যায়ে তিনি (নুরজাহান) অন্তঃসত্ত্বা হলে জানুয়ারিতে সালিশির মাধ্যমে বিয়ে রেজিষ্ট্রি করা হয়। কিন্তু পরবর্তীতে তার সন্তানের স্বীকৃতি এবং সামাজিকভাবে তাদের বিয়ে করতে রাজি না হলে তার বিরুদ্ধে নুরজাহান মামলা দায়ের করেন। ঐ মামলায় গত জুন মাসে জামিন নিতে গিয়ে মঞ্জু গ্রেফতার হয়। সম্প্রতি তিনি আদালত থেকে জামিনে কারাগার থেকে বাড়ি আসেন।
তিনি আরো জানান, এঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
