সমন্বিত পদক্ষেপের মাধ্যমে কেমিক্যাল সরিয়ে ফেলা হবে ---------ওবায়দুল কাদের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে পুরান ঢাকার অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ কেমিকেল গোডাউন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ বিষয়ে ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেছে। এ এলাকায় যে অবস্থা বিরাজ করছে তা বিবেচনা করেই ব্যবস্থা নেয়া হবে। সমন্বিত পদক্ষেপের মাধ্যমে অবৈধ, অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ কেমিকেল গুদাম অবিলম্বে সরিয়ে ফেলা হবে। এ বিষয়ে কোন আপোষ করা হবে না। গতকাল শনিবার দুপুরে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের স্থল সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, সমন্বয়ের ঘাটতি পূরণের জন্য সরকার আটঘাট বেধে নেমেছে। অতীতের ভুল-ত্রুটি থাকলে তা বিবেচনায় রেখেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে সরকারের প্রথম কাজ হলো নিহতদের দাফনের ব্যবস্থা, আহতদের উপযুক্ত চিকিত্সা সেবা দেয়া ও নিখোঁজদের খুঁজে বের করা। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণেও ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, এ ঘটনার পর সরকারের পক্ষ থেকে কোন ধরনের গাফলতি করা হয়নি। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার পর তিনটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। উদ্ধার কাজ পুরোপুরি সমাপ্ত হওয়ার পর প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। আপাতত চুড়িহাট্টা এলাকার সকল কেমিক্যাল গুদাম সরানোর ব্যবস্থা করা হবে। এটি অত্যন্ত ঘিঞ্জি এলাকা। ধীরে ধীরে এই নির্দেশ সমগ্র পুরান ঢাকায় বাস্তবায়ন করা হবে। গাড়ীতে সিলিন্ডার গ্যাস ব্যবহারের বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী কাদের বলেন, গাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহারের বিকল্প কোন ব্যবস্থা করা যায় কিনা তা খতিয়ে দেখার জন্য সড়ক পরিবহন সচিব এবং বিআরটিএ চেয়ারম্যানকে দিয়ে একটি কমিটি করে দেয়া হয়েছে।