দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, জামায়াত ও বিএনপি জোটের ডাকা হরতাল একই সূত্রে গাঁথা। বিএনপি চালাকি করে জামায়াতের ডাকা হরতালের এক্সটেনশন করেছে। তাদের মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা।
রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী সমর্থকগোষ্ঠী আয়োজিত হরতাল-বিরোধী মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। জামায়াতের ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি করে ত্রাণমন্ত্রী বলেন, বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। জামায়াতের হরতালে প্রত্যক্ষভাবে সমর্থন না দিয়ে মানুষের সহানুভূতি পেতে চায় তারা। তবে তাদের এই চালাকি জনগণ বোঝে। মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, যারা জামায়াতের সঙ্গে হাত মেলায় তাদের সঙ্গে কোনো আপস নয়। কোনো আলোচনা বা সংলাপও তাদের সঙ্গে হবে না। সংলাপ হবে আগামী নির্বাচনের আগে স্বাধীনতার স্বপক্ষের শক্তির সঙ্গে।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার পরও বলতে চাই, এই রায়ে (সাঈদী) আমরা খুশি হতে পারিনি। এই রায়ে দেশের মুক্তিযোদ্ধাদের অন্তরে আঘাত লেগেছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই রায় মেনে নেয়া খুবই কষ্টকর। সোমবার বিএনপি জোট আহূত হরতালও জনগণ প্রত্যাখ্যান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম এমপি, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
