কক্সবাজারে জমির বিরোধে দু’পক্ষের গোলাগুলিতে নিহত দুই

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৮

কক্সবাজারের পেকুয়ায় ওয়াকফ স্টেটের জমির বিরোধ নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে সাতটি অস্ত্র উদ্ধার করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার পেকুয়া ইউনিয়নে বিলাছুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের বিলহাচুরা এলাকার আবদুর রহমানের ছেলে নেজাম উদ্দিন (৪০) ও জাহাঙ্গীর আলমের ছেলে আজিজুল হক (৪৫)।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক ডা. মুজিবুর রহমান বলেন, গুলিতে দুইজনের মৃত্যু হয়েছে।

পেকুয়া থানার ওসি মো. জাকের হোসেন ভুঁইয়া বলেন, ওয়াকফ স্টেটের জমির বিরোধ নিয়ে দু’পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতটি অস্ত্র উদ্ধার করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। নিহত দুইজনের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।