সালথায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১৫:১০
 
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৫ ব্যক্তি আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, গ্রামের দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুছ মোল্লা জানান, পূর্বে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নিয়ে রবিবার সকালে ফুলবাড়িয়া বাজারের উপর বল্লভদী ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাঞ্জু মোল্লা ও ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি জলিল মোল্লার সাথে কথা কাটাকাটি হয়। এ সময় যুবদল নেতা জলিলের সমর্থকরা পাঞ্জুর ওপর হামলা করে। এই ঘটনার জের ধরেই সোমবার উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ ব্যক্তি আহত হয়। আহতদের ফরিদপুর সদর ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও যুবদল নেতা জলিলের সাথে যোগাযোগ সকরা যায়নি।
তবে আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা অস্বীকার করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, গ্রামের দুই দলের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।