আগামী মার্চে আসছে সনির স্মার্ট আইগ্লাস

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ২০:৪৬
 
 
গুগল গ্লাসের মাধ্যমে প্রযুক্তিবিশ্বকে এক নতুন ধরনের পণ্যের সাথে পরিচয় করিয়ে দিয়েছে গুগল। তাদের দেখাদেখি আরও বেশকিছু প্রতিষ্ঠান এমন স্মার্ট চশমা নিয়ে আসতে কাজ করে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে জাপানের সনি এই স্মার্ট চশমা বিক্রি শুরু করবে আগামী বছরের মার্চ মাসে। ‘স্মার্ট আইগ্লাস’ নামের এই স্মার্ট চশমার অ্যাপ্লিকেশন তৈরির জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট অবমুক্ত করার সাথে সাথে এই তথ্য জানিয়েছে সনি।
চলতি বছরের শুরুতেই কনজ্যুমার ইলেক্ট্রনিক শোতে (সিইএস ২০১৪) এই গ্যাজেটটি প্রথমবারের মতো প্রদর্শন করে সনি। মূলত গুগল গ্লাসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেই এটি বাজারে নিয়ে আসছে তারা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে গুগল গ্লাসের চাইতেও এগিয়ে থাকবে সনির এই স্মার্ট আইগ্লাস।
সনির এই স্মার্ট আইগ্লাসে থাকছে অ্যাকসেলারোমিটার, গাইরোস্কোপ, ইলেক্ট্রনিক কম্পাস, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরের মতো কার্যকরী সব সেন্সর এবং ৩ মেগাপিক্সেল রেজ্যুলেশনের ক্যামেরা। এর ব্যাটারি প্যাকের সাথে এটি তার দিয়ে যুক্ত থাকবে। সেই ব্যাটারি প্যাকের সাথে আবার বাড়তি ফিচার হিসেবে থাকছে টাচ সেন্সর এবং মাইক্রোফোন।

ব্যাটারি সেটআপ ছাড়া গুগল গ্লাসের সাথে সনির এই স্মার্ট আইগ্লাসের অন্যতম মূল পার্থক্য হলো এতে গুগল গ্লাসের স্বচ্ছ ডিসপ্লের বদলে ব্যবহূত হবে সবুজ রঙের মনোক্রোম ডিসপ্লে। সব ধরনের অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির সাথে সিনক্রোনাইজ করে ব্যবহার করা যাবে সনির এই স্মার্ট চশমা। অ্যান্ড্রয়েডের যাবতীয় নোটিফিকেশন ছাড়াও বিভিন্ন যাত্রাপথের নির্দেশনার বিস্তারিত বিবরণও এই চশমা তুলে ধরবে ব্যবহারকারীর চোখের সামনে।