আমাদের যুদ্ধ কাশ্মিরের জন্য, কাশ্মিরীদের বিরুদ্ধে নয় :মোদী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের লড়াই কাশ্মিরের জন্য, কাশ্মিরীদের বিরুদ্ধে নয়। তিনি কাশ্মিরের জন্য সন্ত্রাসীদের সঙ্গে লড়াই চলছে বলে জানিয়েছেন। কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে শতাধিক বিচ্ছিন্নতাবাদীকে আটক করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তান ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি।

গতকাল রাজস্থানে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট ভাষায় বলেন, কাশ্মিরীদের উপর হামলার ঘটনা কোনভাবেই বরদাস্ত করা হবে না।  একইসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসের জন্য সবচেয়ে বেশি শিকার কাশ্মিরীরাই। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কাশ্মিরের প্রতিটি শিশু আমাদের সঙ্গে আছে। সেই শিশুদের রক্ষার দায়িত্ব প্রত্যেক ভারতবাসীর।

জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী মোদী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত নিজের অবস্থান থেকে এক পাও নড়বে না। তিনি বলেন, ইমরান খান নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর প্রোটোকল মেনেই আমি ফোন করে তাকে অভিনন্দন জানিয়েছিলাম। একইসঙ্গে সন্ত্রাসের রাস্তা ছেড়ে শিক্ষা ও দারিদ্র   দূর করতে একসঙ্গে কাজ করার কথা বলেছিলাম তাকে। আমার বক্তব্যের সঙ্গে একমতও প্রকাশ করেছিলেন ইমরান খান। এখন নিজের কথা সত্যি প্রমাণ করার দায়িত্বও তার ওপর বর্তায়। বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। পুলওয়ামা কাণ্ডের পর থেকেই সারাদেশে একের পর এক জায়গায় কাশ্মীরিদের উপর হামলার ঘটনা ঘটে।

ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি ভারত-পাকিস্তান

শুক্রবার ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার মাধ্যমে চলমান উত্তেজনা থামানোর আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে অত্যন্ত খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা চাই এই হিংসা থামুক। ভারতের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ভারত খুব কড়া উত্তরের কথা ভাবছে। প্রায় ৫০ জনের প্রাণ যাওয়ার পর এরকম মানসিকতা জন্মানোটা বুঝি। আমরা দু’দেশের সঙ্গেই কথা বলছি। যা ঘটেছে তার জন্য ভারত-পাকিস্তানের মধ্যে প্রচুর সমস্যা তৈরি হয়েছে। ভারসাম্য বজায় রেখে বিষয়টা আলোচনা করতে হবে। -টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা